মদিনার সব মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এই অনুমোদন দিয়েছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। ঐতিহাসিক মসজিদগুলোর পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এই ব্যবস্থার আওতায় আসবে।
এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান নিয়মিত খোলা থাকত না। সাধারণত জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ব্যস্ত মৌসুমে এসব স্থান চালু করা হতো। বছরের অন্যান্য সময়ে সেগুলো বন্ধ রাখা হতো।
নতুন অনুমোদনের ফলে এখন থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ই নারীরা মসজিদে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন। এর ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ কিংবা অন্য কোনো কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না।
তবে মসজিদে নববী এই সিদ্ধান্তের আওতাভুক্ত নয়। কারণ সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের স্থান রয়েছে।
নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে নারী মাঠকর্মীরাও থাকবেন। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে মদিনার বিভিন্ন মসজিদে নারীদের নামাজ আদায়ের সুযোগ আরও নিয়মিত ও সহজলভ্য হবে।

