ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল পরিবহন হয়েছে। গত সোমবার এক দিনেই এ প্রণালি দিয়ে ১ কোটি ৭০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস রাইট।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাইট বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিকল্প পাইপলাইনও হিসাবের মধ্যে নিলে দেখা যায়, যুদ্ধ শুরুর আগে স্বাভাবিক সময়ে ওই অঞ্চল থেকে যে পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হতো, গত সোমবার হরমুজ দিয়ে তেল রফতানির পরিমাণ সেই মাত্রাকেও ছাড়িয়ে গেছে।বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ও সিএনবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য এ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।
বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা মোট অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় এক-চতুর্থাংশই হরমুজ প্রণালি দিয়ে যেত। ফলে এ পথে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।
সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে হামলা, সমুদ্রসীমায় মাইন পেতে রাখার আশঙ্কা এবং অতিরিক্ত বিমা মাশুলের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
চলতি সপ্তাহে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সৌদি আরবের দুটি জ্বালানিবাহী ট্যাংকার প্রণালি দিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হয়। এ ঘটনার পর উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায়। এসব স্থাপনার মধ্যে সমুদ্রে মাইন পেতে রাখার সক্ষমতা এবং সামুদ্রিক সামরিক স্থাপনাও ছিল। পরে ইরানও এ অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়।
এ পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি তেল রফতানি আবারও ব্যাহত হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে।
হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল পরিবহনের কথা যুক্তরাষ্ট্র জানালেও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ কাটেনি।
প্রতিবেদন লেখার সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৩৮ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ছিল ব্যারেলপ্রতি ৯০ ডলার ৯৩ সেন্ট।
হরমুজ প্রণালিতে তেল পরিবহন স্বাভাবিক রাখতে পারা গেলেও সামরিক উত্তেজনা অব্যাহত থাকায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।

