মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৯০ লাখ ব্যারেল জ্বালানি তেল নিরাপদে গন্তব্যে পৌঁছাচ্ছে। এর ফলে বিশ্ববাজারে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চাপ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানান, শুধু হরমুজ প্রণালি নয়, এ অঞ্চলের বিভিন্ন পাইপলাইন ব্যবহার করেও তেল পরিবহন অব্যাহত রয়েছে। সব মিলিয়ে সংঘাত শুরুর আগের তুলনায় বর্তমানে দুই-তৃতীয়াংশের বেশি তেল স্বাভাবিকভাবে পরিবাহিত হচ্ছে বলে জানান তিনি।
তবে হরমুজ প্রণালির মতো ঝুঁকিপূর্ণ জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপদ চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মার্কিন নৌবাহিনী। সম্ভাব্য ইরানি হামলা থেকে জাহাজগুলোকে সুরক্ষা দিতে মার্কিন সেনারা ট্যাংকারগুলোকে পাহারা দিয়ে নিরাপদে পার করে দিচ্ছেন।
ক্রিস রাইট আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার এই উদ্যোগে খুব শিগগিরই অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেবে।

