দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে লেবাননের নাবাতিয়েহ জেলার কাফর রেমান শহরে এ হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর ধ্বংসস্তূপের নিচে উদ্ধারকাজ চালানো হচ্ছে এবং নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে।
এর আগে শনিবার কাছের আরব সালিম শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন। এর পরদিন আবারও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটল।
এ ছাড়া দেইর আল-জাহরানি শহরের একটি আবাসিক এলাকাতেও ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। হামলার আগে ওই এলাকার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর একটি স্থাপনার কাছের একটি ভবন। তাদের দাবি, ওই ভবন থেকে বিস্ফোরক বহনকারী একটি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল।
তবে হামলার ঘটনায় বেসামরিক মানুষের হতাহতের বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তাদের মধ্যে মাত্র দুই মাস বয়সী একটি শিশুও ছিল।
দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মধ্যে বর্তমানে আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, গত ৪৮ ঘণ্টায় একের পর এক হামলার ঘটনায় অনেক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জুন মাসে যুদ্ধবিরতি চুক্তি হলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
এদিকে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। রাতভর ঘটনাস্থলে কাজ করে তারা হতাহতদের উদ্ধারের চেষ্টা করছে।

