গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৬৫৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া আগের হামলায় গুরুতর আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
ওয়াফা জানিয়েছে, খান ইউনুসের উত্তর-পশ্চিমাঞ্চলে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ইসমাইল ইব্রাহিম কানদিল নামে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৬৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭৪ হাজার ৬২২ জন।
এদিকে গাজা উপত্যকার পাশাপাশি অবরুদ্ধ পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গাজার উপকূলে ফিলিস্তিনি মাছ ধরার নৌকায় ইসরায়েলি নৌবাহিনীর গুলিতে দুই জেলে আহত হয়েছেন।
পশ্চিম তীরের রামাল্লাহ, তুলকারম, নিলিন ও নাবলুসে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
অন্যদিকে নাবলুসের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সেখানে একটি কৃষি শেডে হামলা, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত করা এবং দুই ফিলিস্তিনিকে মারধরের ঘটনা ঘটেছে।
এ ছাড়া জর্ডান উপত্যকার আল-হাদিদিয়া এলাকায় ফিলিস্তিনিদের কৃষিজমি ঘিরে বেড়া দেওয়ার কাজ শুরু করেছে বসতি স্থাপনকারীরা। এতে ওই জমিতে ফিলিস্তিনিদের প্রবেশের সুযোগ আরও সীমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

