রাশিয়াকে শত শত কামিকাজি ড্রোন তৈরির প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেছে চীনের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। এসব উপকরণ পাঠানো হয়েছে রাশিয়ার বৃহত্তম জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একটি কোম্পানির কাছে। ওই প্রতিষ্ঠানটি ইউক্রেনে হামলায় ব্যবহৃত রুশ ‘গেরান’ ড্রোনের গুরুত্বপূর্ণ অংশ তৈরি করে।
যৌথ অনুসন্ধানে রাশিয়ার অভ্যন্তরীণ নথি পর্যালোচনা করে এমন তথ্য পাওয়ার দাবি করেছে দ্য টেলিগ্রাফ ও পলিটিকো। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এসব নথিতে প্রথমবারের মতো চীনের একটি সরকারি প্রতিষ্ঠানের সরাসরি রাশিয়ায় ড্রোন তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানির প্রমাণ পাওয়া গেছে।
এ তথ্য প্রকাশের পর রাশিয়া, চীন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অসাধারণ স্মৃতিশক্তির জন্য তাকে ধন্যবাদ জানানোর পর রোববার ট্রাম্পের শান্তি দূতরা কিয়েভ সফর করেছেন। চলতি মাসের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে।
ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বেইজিং রাশিয়াকে এমন দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য সরবরাহ করছে, যা বেসামরিক ও সামরিক—দুই ধরনের উৎপাদনেই ব্যবহার করা যায় এবং শেষ পর্যন্ত রুশ সামরিক বাহিনীর কাজে লাগছে।
৪৬ টন রাসায়নিক উপকরণ পাঠানোর তথ্য
শিপিং ও কাস্টমস নথি অনুযায়ী, চলতি বছরের শুরুতে চীনের রাষ্ট্রায়ত্ত জিলিন কেমিক্যাল ফাইবার গ্রুপ রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের একটি সহযোগী প্রতিষ্ঠানে ৪৬ টন কার্বন ফাইবার তৈরির রাসায়নিক উপকরণ পাঠিয়েছে।
নথিতে পণ্যটির প্রকৃত পরিচয় আড়াল করতে সাধারণ সিনথেটিক ফাইবারের জন্য ব্যবহৃত কাস্টমস কোড ব্যবহার করা হয়েছিল।
পশ্চিমা কয়েকটি সরকারও এসব নথি পর্যালোচনা করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার সামরিক-শিল্প কমপ্লেক্সের একটি প্রতিষ্ঠানে চীনের রাষ্ট্রীয় করপোরেশনের সহায়তার এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট প্রমাণ।
চীনা উপকরণ গ্রহণকারী রুশ প্রতিষ্ঠানটি কামিকাজি ড্রোনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করে। ইউক্রেনে হামলার পর ধ্বংসাবশেষ পরীক্ষা করেও রুশ ড্রোনে চীনা যন্ত্রাংশ ব্যবহারের প্রমাণ আগেই পাওয়া গেছে। তবে ইউক্রেনভিত্তিক থিংকট্যাংক ইউক্রেনিয়ান সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন সেন্টার (ইউএসসিসি) রাশিয়ার কাছ থেকে পাওয়া এসব নথির মাধ্যমে এবার সরাসরি চীনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সরবরাহের তথ্য সামনে এনেছে। নথিগুলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের কাছেও দেওয়া হয়েছে।
ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা ডেভিড অলব্রাইট বলেন, এসব তথ্যের ভিত্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর চীনা সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে। কারণ নথিগুলোতে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রোসাটমের একটি সহযোগী প্রতিষ্ঠানে সরবরাহের প্রমাণ রয়েছে।
অলব্রাইটের মতে, চালানটি নাইলন ও পলিয়েস্টারের মতো পণ্য রপ্তানিতে ব্যবহৃত একটি কাস্টমস কোডের আড়ালে পাঠানো হয়েছিল।
তবে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, রোসাটম ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো প্রযোজ্য আইন ও বিধিবিধান পুরোপুরি মেনে পরিচালিত হয়। এর বিপরীত যেকোনো দাবি মিথ্যা এবং রাশিয়ার কাস্টমস ব্যবস্থা সম্পর্কে বোঝাপড়ার অভাবের প্রমাণ।
চীনের রাষ্ট্রায়ত্ত জিলিন কেমিক্যাল ফাইবার গ্রুপকে একাধিকবার মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি কোনো সাড়া দেয়নি।
রুশ ড্রোন উৎপাদনে গুরুত্বপূর্ণ উপাদান
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাশিয়া যাতে বিদেশ থেকে যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করতে না পারে, সে জন্য নিষেধাজ্ঞার মাধ্যমে সংশ্লিষ্ট নেটওয়ার্ক ও সরবরাহ চ্যানেল বন্ধ করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।
ইউএসসিসির প্রধান সেরহি কুজান বলেন, চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো রাশিয়াকে কাঁচামাল সরবরাহের শৃঙ্খলে জড়িত—এটি তার অকাট্য প্রমাণ।
তার দাবি, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অস্ত্র উৎপাদনে প্রয়োজনীয় কম্পোজিট উপকরণের ক্ষেত্রে চীন এখন সম্ভবত প্রধান, এমনকি একমাত্র উৎস হয়ে উঠেছে।
মার্কিন কংগ্রেসের চীনবিষয়ক সিলেক্ট কমিটি নথিগুলো পর্যালোচনা করে সেগুলো প্রামাণিক বলে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন এক মার্কিন সরকারি কর্মকর্তা। ইউক্রেন সরকারও নথিগুলো যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা।
নথি অনুযায়ী, চীনের জিলিন কেমিক্যাল ফাইবার গ্রুপের গুদাম থেকে রাশিয়ার তাতারস্তান অঞ্চলের আলাবুগা-ভলোকনো নামের একটি প্রতিষ্ঠানে উপকরণ পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটি রোসাটমের উন্নত উপকরণ ও কম্পোজিট বিভাগ উমাটেক্সের সহযোগী প্রতিষ্ঠান।
আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ওই কারখানায় উচ্চমানের কার্বন ফাইবার তৈরি করা হয়। এই কার্বন ফাইবার ব্যবহার করে ইরানের শাহেদ ড্রোনের আদলে তৈরি রাশিয়ার দীর্ঘপাল্লার গেরান কামিকাজি ড্রোনের ব্যাপক উৎপাদন চলছে।
আলাবুগা-ভলোকনো ও উমাটেক্স ২০২৩ সাল থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ডও প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
অন্যদিকে সিনথেটিক রাসায়নিক ফাইবার উৎপাদন ও বিক্রিতে বিশেষায়িত জিলিন কেমিক্যাল ফাইবার গ্রুপ এখনো পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় নেই।
প্রায় ১ হাজার ৩০০ ড্রোন তৈরির উপকরণ
২০২৬ সালের শিপিং নথিতে দুইটি ৪০ ফুট কনটেইনারে সর্বোচ্চ ৪৬ টন ‘পলিঅ্যাক্রিলোনাইট্রাইল টো’ পাঠানোর তথ্য পাওয়া গেছে। নথিতে এটিকে উৎপাদন কাজে ব্যবহারের উপকরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্যান-প্রিকারসর ফাইবার সামরিক মানের হালকা কার্বন ফাইবার তৈরির গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান। ডেভিড অলব্রাইটের মতে, সঠিক কাস্টমস কোড ব্যবহার করা হলে এটিকে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য হিসেবে শনাক্ত করা যেত।
সাবেক মার্কিন ট্রেজারি কর্মকর্তা কেরি বিটসফ বলেন, কাস্টমস কোডে ভুল তথ্য দেওয়া থেকে বোঝা যায়, কোম্পানিটি একটি সংবেদনশীল চালান গোপন করার চেষ্টা করেছে।
ইউএসসিসির হিসাব অনুযায়ী, আলাবুগা-ভলোকনোর উৎপাদনের প্রায় ৮৯ শতাংশ ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠানে যাওয়ার কথা। প্রতিষ্ঠানটি বিমান, রকেট, ড্রোন, জাহাজ নির্মাণ ও সাঁজোয়া যানের জন্য কার্বন ফাইবারযুক্ত ৩৯ ধরনের পণ্য তৈরি করে।
ইউএসসিসি জানিয়েছে, ২০২২ সাল থেকে জিলিন কেমিক্যাল ফাইবার গ্রুপ থেকে আলাবুগা-ভলোকনোর কাছে কনটেইনারে প্যান-প্রিকারসর পাঠানোর অন্তত আটটি দরপত্রের তথ্য তারা শনাক্ত করেছে।
ডেভিড অলব্রাইটের হিসাব অনুযায়ী, জিলিন থেকে পাঠানো প্যান উপকরণ দিয়ে প্রায় ১ হাজার ৩০০ কামিকাজি ড্রোনের জন্য প্রয়োজনীয় কার্বন ফাইবার তৈরি করা সম্ভব।
তার ভাষ্য, অস্ত্রসজ্জিত ড্রোন তৈরিতে প্রয়োজনীয় কার্বন ফাইবার উৎপাদনের ক্ষেত্রে রাশিয়া পুরোপুরি চীনের ওপর নির্ভরশীল। এই উপকরণ ছাড়া ড্রোনের মূল কাঠামো তৈরি করা সম্ভব নয়। ড্রোনের ডানা, অভ্যন্তরীণ কাঠামো, জ্বালানি ট্যাংক ও ইঞ্জিনকে শক্তিশালী করতে কার্বন ফাইবার ব্যবহার করা হয়।
রাশিয়ার অস্ত্র উৎপাদনে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মার্কিন কংগ্রেসের চীনবিষয়ক সিলেক্ট কমিটি আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, চীন ও হংকং থেকে আসা দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য পশ্চিমা রপ্তানি নিয়ন্ত্রণ সত্ত্বেও রাশিয়ার অস্ত্র কর্মসূচি সচল রাখতে সহায়তা করছে।
জার্মান অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান কিল ইনস্টিটিউটের জুনে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাশিয়ার সামরিক শিল্প সচল রাখতে প্রয়োজনীয় উপাদানের ৬০ শতাংশের বেশি চীন সরবরাহ করছে।
সাবেক মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল বলেন, রাশিয়ার সামরিক-শিল্প কমপ্লেক্সকে দ্বৈত-ব্যবহারযোগ্য সক্ষমতা সরবরাহকারী চীনা কোম্পানির সংখ্যা এখন কয়েক ডজন। এসব প্রতিষ্ঠানের সঙ্গে রাশিয়ার সম্পর্কও গভীর। তার দাবি, এর বিনিময়ে মস্কো বেইজিংকে তাদের প্রয়োজনীয় কিছু সামরিক সক্ষমতা উন্নয়নের প্রযুক্তিও দিয়েছে।
ইউএসসিসির প্রধান কুজান বলেন, চীনের সহায়তায় রাশিয়ার প্রতিরক্ষা শিল্প ড্রোন, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ ও অন্যান্য অস্ত্রের উৎপাদন বাড়িয়ে যেতে পারছে। এসব অস্ত্র পরে ইউক্রেনে হামলায় ব্যবহৃত হচ্ছে।
তার মতে, দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা, রপ্তানি নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা বাস্তবায়ন, মধ্যস্থতাকারীদের ওপর আর্থিক চাপ এবং এশিয়ার অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব সরবরাহ চ্যানেল বন্ধ করা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের মিত্রদের প্রতিরক্ষা ও অর্থনৈতিক নীতির অগ্রাধিকার হওয়া উচিত।
অভিযোগ অস্বীকার চীনের
চীন অবশ্য রাশিয়ার যুদ্ধকে সমর্থন দিতে অস্ত্র সরবরাহের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। ২০২৩ সালে শি জিনপিং বলেছিলেন, চীন সংঘাতে ‘আগুনে ঘি ঢালবে না’ এবং এই সংঘাত থেকে মুনাফা করবে না।
ওয়াশিংটনে চীনা দূতাবাস এক বিবৃতিতে নতুন অভিযোগগুলোকে চীনের বিরুদ্ধে অপপ্রচার ও দায় চাপানোর চেষ্টা বলে অভিহিত করেছে। দূতাবাসের দাবি, চীন কখনোই সংঘাতের কোনো পক্ষকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি এবং দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে।
তবে সাবেক মার্কিন কর্মকর্তারা চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারের নজরদারি ব্যবস্থা সম্পর্কে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে এসব দাবি প্রত্যাখ্যান করেছেন।
সাবেক সিআইএ কর্মকর্তা ডেনিস ওয়াইল্ডার বলেন, চীনা রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো সরকারের জ্ঞাতসারে এমন কর্মকাণ্ড চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে না—এটাই বাস্তবতা।
ডেভিড অলব্রাইটও বলেন, এত বড় একটি চালান চীনা সরকারের নজর এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
সূত্র: দ্য টেলিগ্রাফ

