পারস্য উপসাগরে ইরানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা খার্গ দ্বীপের কাছে একটি ছোট ইরানি তেল ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম। মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তাসনিমের তথ্য অনুযায়ী, খার্গ দ্বীপ থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে ট্যাংকারটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। খার্গ দ্বীপের নোঙরখানা এলাকায় মার্কিন বাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
হামলার পরপরই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রের বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, ঘটনায় কেউ আহত হয়নি। ট্যাংকারটির নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছিল।
ইরানের আরেক সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, খার্গ দ্বীপ ও জাস্ক শহরে বিস্ফোরণের খবর পাওয়ার পর এই হামলার ঘটনা ঘটে।
খার্গ দ্বীপের আশপাশে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের পর ওই এলাকায় ধোঁয়া কিংবা আগুনের কোনো দৃশ্যমান চিহ্ন দেখা যায়নি।
দক্ষিণ জাস্ক এলাকাতেও আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ফার্স জানিয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই নতুন এই ঘটনাগুলো সামনে এলো। গত জুনে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।
ওই সমঝোতা স্মারকে বৃহত্তর শান্তি চুক্তির সূচনা হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি পরিকল্পনা রাখা হয়েছিল।
তবে সেই সমঝোতার পরও জলপথটি ঘিরে দুই দেশের উত্তেজনা পুরোপুরি কমেনি। এর মধ্যেই খার্গ দ্বীপের কাছে ইরানি তেল ট্যাংকারে হামলার এই খবর নতুন করে হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

