কানাডার সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার কয়েকটি পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা এবং আরও কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে তাঁর প্রশাসন।
মঙ্গলবার হোয়াইট হাউস জানায়, কানাডার দুগ্ধজাত পণ্য, মোটরসাইকেল ও অ্যালকোহলজাতীয় পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়বে। এসব নিষেধাজ্ঞা আগামী ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।
এ ছাড়া কানাডা থেকে আমদানি করা ম্যাট্রেস, মোটরবোট ও গলফ কার্টসহ আরও কয়েকটি পণ্যের ওপর ১৫ সেপ্টেম্বর থেকে ৫০ শতাংশ শুল্ক বসবে।
কানাডা সোমবার যুক্তরাষ্ট্রের প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করার পরদিনই ট্রাম্প নতুন পদক্ষেপ নিলেন। এর আগে গত মাসে কানাডার নির্বাচিত কিছু পণ্যে যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল।
হোয়াইট হাউস জানিয়েছে, কানাডার অ্যালকোহল আমদানিতে নিষেধাজ্ঞার অন্যতম কারণ দেশটির বিভিন্ন প্রদেশে মার্কিন অ্যালকোহল বয়কট করা। যুক্তরাষ্ট্রের অনেক ওয়াইন ও স্পিরিট কানাডার দোকান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ট্রাম্প এই পদক্ষেপকে ‘বৈষম্যমূলক’ বলে সমালোচনা করেছেন।
মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সমান বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করা, কানাডার পাল্টা পদক্ষেপ ঠেকানো এবং যুক্তরাষ্ট্রের উৎপাদন সুরক্ষিত রাখতেই ট্রাম্প এসব সিদ্ধান্ত নিয়েছেন।
এ ছাড়া কানাডার পণ্যকে দীর্ঘমেয়াদি সরকারি ক্রয়চুক্তি থেকে বাদ দেওয়ার নির্দেশও দিয়েছেন ট্রাম্প। কানাডা মার্কিন কৃষক ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ‘পূর্ণ ও ন্যায্য সমতা’ ফিরিয়ে না আনা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়েছে তাঁর প্রশাসন।
এর এক দিন আগেই কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ারের বিমান যুক্তরাষ্ট্রে বিক্রি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বিমান তৈরি না করলে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে।
চলতি বছর কানাডার মোট রপ্তানির প্রায় ৬৮ শতাংশই যুক্তরাষ্ট্রের বাজারে গেছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ পণ্য যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বাণিজ্য চুক্তি বা USMCA-এর আওতায় শুল্কমুক্ত সুবিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।
তবে সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনায় তিন দেশের এই বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে তাঁর দেশ আরও দ্রুত পদক্ষেপ নেবে।
মঙ্গলবার তিনি বলেন, কানাডা এমন একটি পরিস্থিতি নিশ্চিত করতে চায়, যেখানে কোনো দেশ তাদের ‘জিম্মি’ করতে না পারে এবং কানাডিয়ানরা নিজেদের পছন্দ অনুযায়ী জীবনযাপন করতে পারে।
শুল্কের পাশাপাশি কানাডার নাগরিকদের মধ্যে ট্রাম্পের বারবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে উল্লেখ করার বিষয়েও ক্ষোভ রয়েছে। এর সঙ্গে অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার ট্রাম্পের আদেশও বিতর্ক তৈরি করেছে।
ট্রাম্প ছোট ও বাণিজ্যনির্ভর দেশগুলোর ওপর শুল্ককে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। বাজারে প্রবেশাধিকার, বিনিয়োগের প্রতিশ্রুতি কিংবা মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যের বিনিময়ে কম শুল্ক দেওয়ার এই কৌশল নিয়ে অন্যান্য দেশও কানাডার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে কানাডা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়েও আগ্রহী হয়ে উঠেছে।
আগামী সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ফ্রান্সের স্ট্রাসবুর্গ সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য দেবেন।

