Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরান যুদ্ধে আমেরিকানদের জ্বালানি খরচ বেড়েছে ১০ হাজার কোটি ডলার
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধে আমেরিকানদের জ্বালানি খরচ বেড়েছে ১০ হাজার কোটি ডলার

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 9, 2026সেপ্টেম্বর 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই এর আর্থিক চাপ বাড়ছে মার্কিন ভোক্তাদের ওপর। যুদ্ধ শুরুর পর থেকে শুধু গ্যাসোলিন ও ডিজেলের পেছনেই যুক্তরাষ্ট্রের মানুষকে অতিরিক্ত ১০০ দশমিক ৯ বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। অর্থাৎ, গড়ে প্রতিটি মার্কিন পরিবারের বাড়তি ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৭৭০ ডলার।

    ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের একটি কস্ট ট্র্যাকার এই হিসাব দিয়েছে। এতে যুদ্ধ না হলে জ্বালানির দাম যেখানে থাকার কথা ছিল, তার সঙ্গে বর্তমান প্রকৃত দামের তুলনা করে ভোক্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ হিসাব করা হয়েছে।

    জ্বালানি খাতের বিশেষজ্ঞ টম ক্লোজা বলেন, চলতি শরৎকাল গ্যাসোলিনের জন্য সবচেয়ে ব্যয়বহুল সময় হতে যাচ্ছে। তবে ডিজেলের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। জ্বালানির বাড়তি দাম অর্থনীতির প্রায় প্রতিটি খাতেই মূল্যস্ফীতির চাপ বাড়াবে।

    যুদ্ধের কারণে জ্বালানির দাম যতটা বাড়বে বলে আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে এখনো তা সেই পর্যায়ে পৌঁছায়নি। তারপরও ব্রাউন ইউনিভার্সিটির হিসাব দেখাচ্ছে, এই সংঘাত মার্কিন নাগরিকদের দৈনন্দিন খরচের বাইরে থাকা আয় বা ব্যয়ের সক্ষমতাকে বড় ধরনের চাপের মুখে ফেলছে।

    শুধু গ্যাসোলিনের ক্ষেত্রেই যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন ভোক্তাদের অতিরিক্ত খরচ হয়েছে প্রায় ৫৫ বিলিয়ন ডলার। পরিবারপ্রতি এর পরিমাণ গড়ে ৪২২ ডলার।

    মঙ্গলবার যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দাম প্রতি গ্যালনে ৪ দশমিক ১৫ ডলারের ওপরে উঠে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। আগের দিন সোমবার ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল লেবার ডে। গত বছরের একই সময়ে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ছিল ৩ দশমিক ২০ ডলার, আর ইরান যুদ্ধ শুরুর আগে ছিল ২ দশমিক ৯৮ ডলার।

    তবে বর্তমান দাম এখনো যুদ্ধ শুরুর পরের সর্বোচ্চ ৪ দশমিক ৫৬ ডলারের নিচে রয়েছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম রেকর্ড ৫ দশমিক ০২ ডলারে উঠেছিল।

    রেকর্ডের পর রেকর্ড ডিজেলের দামে

    ট্রাক, ট্রেন, ট্রাক্টর ও নৌযানের মতো পরিবহন ও কৃষি খাতের গুরুত্বপূর্ণ যানবাহনে ব্যবহৃত ডিজেলের দাম যুক্তরাষ্ট্রে এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে।

    দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম দাঁড়িয়েছে ৫ দশমিক ৯০ ডলার। যুদ্ধ শুরুর সময় এই দাম ছিল ৩ দশমিক ৭৬ ডলার। ফলে ২০২২ সালের আগের রেকর্ডও ছাড়িয়ে গেছে বর্তমান দাম।

    ব্রাউন ইউনিভার্সিটির হিসাবে, যুদ্ধের কারণে শুধু ডিজেলেই মার্কিন ভোক্তাদের অতিরিক্ত খরচ হয়েছে প্রায় ৪৬ বিলিয়ন ডলার। পরিবারপ্রতি এর পরিমাণ গড়ে ৩৪৮ ডলার।

    চলতি বছরে ডিজেলের দাম ইতোমধ্যে ৬০ শতাংশের বেশি বেড়েছে। ২০০০ সাল থেকে এএএ যখন ডিজেলের দাম হিসাব করা শুরু করে, তার পর থেকে এবারই সবচেয়ে বড় বার্ষিক মূল্যবৃদ্ধির পথে রয়েছে জ্বালানিটি।

    ১০০ ডলারের পথে অপরিশোধিত তেলের দাম

    জ্বালানির দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকেরা। বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের মূল্য পূর্বাভাস ৫ ডলার বাড়িয়ে ৮৫ ডলার করেছে গোল্ডম্যান স্যাকস। ২০২৭ সালে ব্রেন্টের গড় দাম ৮০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি, যা তাদের আগের পূর্বাভাস ৭৫ ডলারের চেয়ে বেশি।

    গোল্ডম্যান স্যাকসের ধারণা, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন আগামী বছরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত ধীরে ধীরে পুনরুদ্ধার হবে। উপসাগরীয় অঞ্চলের উৎপাদন যুদ্ধের আগের মাত্রার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম থাকলে ব্রেন্টের দাম ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

    এদিকে ব্রেন্ট ক্রুডের দাম এখন প্রতি ব্যারেল ১০০ ডলারের কাছাকাছি ঘোরাফেরা করছে। গত ২৩ জুলাইয়ের পর এই প্রথম এতটা কাছাকাছি পৌঁছেছে দাম।

    তবে সমস্যা শুধু তেলের দাম বেড়ে যাওয়ায় সীমাবদ্ধ নয়। সেই তেল পরিশোধন করে গ্যাসোলিন, জেট ফুয়েল ও ডিজেলে রূপান্তর করার মতো পর্যাপ্ত রিফাইনারিও এখন চালু নেই।

    বিশ্বের চারটি বড় তেল পরিশোধন কেন্দ্রের মধ্যে মধ্যপ্রাচ্য, রাশিয়া ও চীনের পরিশোধন সক্ষমতা যুদ্ধ ও রপ্তানি বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের রিফাইনারিগুলো সর্বোচ্চ সক্ষমতায় কাজ করছে।

    টম ক্লোজার ভাষায়, এটি এখন একটি নীরব কিন্তু অত্যন্ত উদ্বেগজনক সংকট। তার আশঙ্কা, শেষ পর্যন্ত সারা দেশের ভোক্তাদের জ্বালানির জন্য বিপুল অর্থ গুনতে হবে।

    এরই মধ্যে শুক্রবার আগস্টের কনজিউমার প্রাইস ইনডেক্স বা ভোক্তা মূল্যসূচকের তথ্য প্রকাশ হওয়ার কথা। পূর্বাভাস অনুযায়ী, এক বছর আগের তুলনায় মূল্যস্ফীতি ৩ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এখনো ফেডারেল রিজার্ভের ২ শতাংশ লক্ষ্যমাত্রার অনেক ওপরে থাকায় আগামী সপ্তাহের বৈঠকে সুদের হার বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে কেন্দ্রীয় ব্যাংক।

    ট্রাম্পের কম দামের প্রতিশ্রুতি

    যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম প্রথমবারের মতো জাতীয়ভাবে প্রতি গ্যালনে ৬ ডলার ছাড়ানোর দ্বারপ্রান্তে।

    গ্যাসবাডির পেট্রোলিয়াম বিশ্লেষণ বিভাগের প্রধান প্যাট্রিক ডি হান সোমবার সতর্ক করে বলেছেন, ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম ৮ ডলারেরও বেশি হতে পারে।

    এএএ-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় ডিজেলের গড় দাম রেকর্ড ৭ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে। এক বছর আগে একই সময়ে এই দাম ছিল ৫ দশমিক ১৪ ডলার।

    ডি হান বলেন, সামনে ডিজেলের দাম কতটা বাড়তে পারে, তা প্রদর্শনের মতো সক্ষমতাও অনেক জ্বালানি পাম্পের নেই।

    এমন রেকর্ড জ্বালানি মূল্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও বড় রাজনৈতিক চাপ তৈরি করছে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারে তিনি বাইডেন আমলের জ্বালানির দামের সমালোচনা করেছিলেন এবং যুক্তরাষ্ট্রে আবারও সস্তা জ্বালানি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

    সোমবার রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জিতলে তেলের দাম দ্রুত কমে যাবে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার মধ্যে গত কয়েক মাস ধরে তিনি একই ধরনের আশ্বাস দিয়ে আসছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.