চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে বহুল আলোচিত ফৌজদারি বিচার শুরু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল আদালতে বিচারকাজ শুরু হলে মার্কিন প্রসিকিউটররা হুয়াওয়েকে ‘অপরাধী চক্র’ হিসেবে বর্ণনা করেন। মার্কিন বিচার বিভাগের আইনজীবী টেইলর স্টাউট অভিযোগ করেন, প্রায় ২০ বছর ধরে চুরি, মিথ্যা ও তথ্য গোপনের মাধ্যমে হুয়াওয়ে মার্কিন কোম্পানিগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে এবং মার্কিন আর্থিক ব্যবস্থার অপব্যবহার করেছে। বিশ্বজুড়ে টেলিযোগাযোগ খাতে আধিপত্য বিস্তারই ছিল এর উদ্দেশ্য বলে দাবি করেন তিনি। আট বছর আগে গোপন অভিযোগ দায়েরের পর অবশেষে এই মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচারের মুখে পড়ল, যা মার্কিন সরকারের সঙ্গে কোনো চীনা কোম্পানির সবচেয়ে নজরে আসা সংঘাতগুলোর একটি।
হুয়াওয়ের বিরুদ্ধে মোট ১৪টি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে ব্যাংক জালিয়াতি, ইলেকট্রনিক মিডিয়া জালিয়াতি, বাণিজ্যিক গোপন তথ্য চুরি এবং সংগঠিত অপরাধের ষড়যন্ত্র অন্যতম। বিচার শুরুর আগে মার্কিন বিচার বিভাগ জানিয়ে দেয়, তারা ১৪টির মধ্যে দুটি নিষেধাজ্ঞা সংক্রান্ত অভিযোগ আর চালাবে না। ফলে ১২টি অভিযোগ নিয়ে জুরির সামনে বিচার চলবে। অভিযোগের মধ্যে রয়েছে, মার্কিন পাঁচটি প্রযুক্তি কোম্পানির বাণিজ্যিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্র, উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা ভেঙে ব্যবসা এবং ২০০৯ সালে তেহরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহায়তার জন্য ইরানকে নজরদারি সরঞ্জাম সরবরাহ। প্রসিকিউশনের দাবি, হুয়াওয়ে ইরানে তাদের ব্যবসার আসল তথ্য গোপন করে মার্কিন আর্থিক ব্যবস্থা ব্যবহার করে ডলারে লেনদেন করেছে।
সিসকো সিস্টেমসের ইন্টারনেট রাউটারের অপারেটিং সিস্টেমের সোর্স কোড এবং টি-মোবাইলের ফোন পরীক্ষার কাজে ব্যবহৃত একটি রোবোটিক হাতের তথ্য চুরির সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে। প্রসিকিউটর স্টাউট বলেন, “হুয়াওয়ে অপরাধ ও দুর্নীতির একটি সংস্কৃতি গড়ে তুলেছিল, এবং সেই অপরাধই ছিল তাদের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কৌশল।” তিনি আদালতকে জানান, বিচারে এমন সাক্ষী উপস্থিত থাকবেন যারা হুয়াওয়ের মার্কিন প্রযুক্তি চুরির চেষ্টা প্রত্যক্ষ করেছেন। একটি রোবোটিক হাত চুরির সময় হুয়াওয়ের এক কর্মীকে হাতেনাতে ধরা পড়ার ভিডিও রয়েছে বলেও জানান তিনি। অভিযোগ অনুযায়ী, এই রোবটটি মানুষের আঙুলের মতো নড়াচড়া করে টাচস্ক্রিন ডিভাইস ব্যবহার করতে পারে।
অন্যদিকে হুয়াওয়ের আইনজীবী ব্রায়ান হেবারলিগ সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছেন। তিনি আদালতে বলেন, “মামলাটি ষড়যন্ত্রের নয়, প্রতিযোগিতার।” হুয়াওয়ের সাফল্য চুরি নয়, বরং উদ্ভাবন ও স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ডের ফল বলে দাবি করেন তিনি। হেবারলিগ আরও বলেন, সরকার কয়েকটি আলাদা ঘটনা বেছে নিয়ে সেগুলোকে বড় একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু আসলে এমন কোনো ষড়যন্ত্র ছিল না। সিসকো ও টি-মোবাইলের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলো ছিল কয়েকজন কর্মচারীর ব্যক্তিগত কাজ, এবং হুয়াওয়ে এসব ঘটনা জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল। একটি বাণিজ্য মেলায় হুয়াওয়ের এক কর্মচারী ফুজিৎসুর একটি নেটওয়ার্কিং যন্ত্রের অনুমতি ছাড়া ছবি তুলেছিলেন—হেবারলিগ এটিকে ওই কর্মচারীর “বোকামির কাজ” বলে উল্লেখ করেন এবং জানান, বিষয়টি জানার পর তাকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এই মামলার শিকড় ২০১৮ সালে গিয়ে পৌঁছায়। ওই বছরের ১ ডিসেম্বর কানাডার ভ্যাঙ্কুভার শহরে হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠাতার কন্যা মেং ওয়ানঝৌকে মার্কিন গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়। অভিযোগ ছিল, তিনি এইচএসবিসি ব্যাংককে হুয়াওয়ের ইরান ব্যবসা সম্পর্কে বিভ্রান্ত করেছিলেন। প্রায় তিন বছর তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ ঠেকাতে আইনি লড়াই করেন। পরে যুক্তরাষ্ট্র, চীন ও কানাডার মধ্যে একটি চুক্তির পর ২০২১ সালে তিনি মুক্তি পান এবং চীনে ফিরে যান। ২০২২ সালে একটি চুক্তির মাধ্যমে মেংয়ের বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করা হয়। তবে বিচারক অ্যান ডনেলি গত জুনে রায় দেন, ওই সময়ে মেং যে বক্তব্য দিয়েছিলেন, তা এই মামলায় প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
হুয়াওয়ের বিরুদ্ধে এই মামলার একটি অংশ ২০১২ ও ২০১৩ সালে রয়টার্সের করা কয়েকটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি। এসব প্রতিবেদনে ইরানে কাজ করা স্কাইকম নামের একটি কোম্পানির সঙ্গে হুয়াওয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলা হয়েছিল। রয়টার্স জানায়, ২০১০ সালে স্কাইকম ইরানের সবচেয়ে বড় মোবাইল ফোন কোম্পানির কাছে নিষেধাজ্ঞার আওতায় থাকা হিউলেট-প্যাকার্ডের অন্তত ১৩ লাখ ইউরো মূল্যের কম্পিউটার সরঞ্জাম বিক্রির প্রস্তাব দিয়েছিল। রয়টার্স আরও জানায়, মেং ওয়ানঝৌ ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত স্কাইকমের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। বিচারক ডনেলি গত বছর হুয়াওয়ের মামলা খারিজের আবেদন খারিজ করে বলেছিলেন, প্রসিকিউটররা পর্যাপ্তভাবে দেখিয়েছেন যে স্কাইকম “হুয়াওয়ের ইরানি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করত।”
বিচারটি বিচারক অ্যান ডনেলির নেতৃত্বে প্রায় তিন মাস ধরে চলার সম্ভাবনা রয়েছে। এটি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের সঙ্গে সময়ের দিক থেকে মিলে যাবে। সম্ভাব্য জুরিরা চীনা ও ইরানি সরকার সম্পর্কে তাদের মতামতসহ ২৭ পৃষ্ঠার প্রশ্নমালা পূরণ করেছেন। মামলাটি নিয়ে চীনও প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বৃহস্পতিবার বলেছেন, “চীনা কোম্পানিগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের দমন ও সীমাবদ্ধতার প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই।” তিনি আরও বলেন, চীন সরকার “দৃঢ়তার সঙ্গে চীনা কোম্পানিগুলোকে তাদের বৈধ ও আইনসঙ্গত স্বার্থ রক্ষায় সমর্থন করে।” হুয়াওয়ের এক মুখপাত্র শনিবার এক বিবৃতিতে বলেছেন, “সরকারের সামগ্রিক বর্ণনা স্পষ্টতই ভুল।” হুয়াওয়ে এই মামলাটিকে তাদের প্রতিযোগিতা দুর্বল করার প্রচেষ্টা এবং চুরির অভিযোগগুলোকে দীর্ঘদিন আগে নিষ্পত্তি হওয়া বাণিজ্যিক বিরোধের পুনঃপ্যাকেজিং হিসেবে বর্ণনা করেছে।
বিশ্লেষকদের মতে, এই বিচারের ফলাফল শুধু হুয়াওয়ের জন্যই নয়, বরং মার্কিন-চীন প্রযুক্তি যুদ্ধের গতিপথেও বড় প্রভাব ফেলতে পারে। হুয়াওয়ে যদি অভিযুক্ত হন, তাহলে কোম্পানিটিকে শত শত মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে, যা মার্কিন ইতিহাসে কর্পোরেট জরিমানার মধ্যে সবচেয়ে বড় হতে পারে। মার্কিন র্যাকেটিয়ারিং আইন অনুযায়ী, অপরাধ থেকে অর্জিত আয়ের দ্বিগুণ পর্যন্ত জরিমানা ধার্য করা যায়। ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়িক আইনের অধ্যাপক টড হগ বলেছেন, “জরিমানা নির্ধারিত হবে কোম্পানির লাভ এবং অপরাধের গুরুত্বের ভিত্তিতে।” হুয়াওয়ে যদি সব অভিযোগে দোষী সাব্যস্ত হয়, তাহলে মার্কিন প্রসিকিউটররা তাদের অপরাধ থেকে অর্জিত সম্পত্তি বা আয় বাজেয়াপ্ত করার আবেদনও করতে পারেন। তবে জুরি দোষী সাব্যস্ত করার আগে হুয়াওয়েকে নির্দোষ ধরা হবে। এই মামলার ফলাফলই বলে দেবে, ২০১৯ সালে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে হুয়াওয়েকে মার্কিন বাণিজ্য কালো তালিকায় অন্তর্ভুক্ত করার ওয়াশিংটনের সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল।

