উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলন ঘিরে শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও বিশেষ নিরাপত্তা পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ। সেখান থেকে সার্বক্ষণিকভাবে রাষ্ট্রপ্রধানদের গাড়িবহরের চলাচল এবং রাজধানীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সম্মেলনে অংশ নিতে শুক্রবার রাতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি এতে যোগ দিচ্ছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে এবারের ব্রিকস সম্মেলন বিশেষ গুরুত্ব পাচ্ছে। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার সম্প্রসারণের বিষয়টি আলোচনায় আসতে পারে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও নেতাদের মধ্যে আলোচনা হতে পারে।
বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিকসের প্রভাব ক্রমেই বাড়ছে। ফলে এবারের শীর্ষ সম্মেলনে কী ধরনের সিদ্ধান্ত ও উদ্যোগ আসে, সেদিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল।

