Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্রিকসের জিডিপি ৪০ শতাংশ, জি-৭-এর ২৯ শতাংশ: পুতিন
    আন্তর্জাতিক

    ব্রিকসের জিডিপি ৪০ শতাংশ, জি-৭-এর ২৯ শতাংশ: পুতিন

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ব অর্থনীতিতে ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে, এই বার্তা দিয়েই পশ্চিমা জোট জি-৭কে ‘তথাকথিত’ বলে কটাক্ষ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস বিজনেস ফোরামে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গত পাঁচ বছরে বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪০ শতাংশের বেশি এসেছে ব্রিকসভুক্ত দেশগুলো থেকে। আর ‘তথাকথিত জি-৭’-এর অবদান মাত্র ২৯ শতাংশ। পুতিনের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ এটি শুধু একটি পরিসংখ্যান নয়, বিশ্ব অর্থনীতির ক্ষমতা কাঠামোর পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত।

    পুতিনের এই তথ্য কিন্তু হাওয়ায় ভাসা নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এপ্রিল ২০২৬ সালের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের তথ্য অনুযায়ী, ক্রয়ক্ষমতা সমতার (পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপি) ভিত্তিতে ২০২৫ সালে ব্রিকসের ১১টি সদস্য দেশ বিশ্ব উৎপাদনের ৪০.৫ শতাংশ এবং জি-৭ দেশগুলোর হিস্যা ছিল ২৮.৩ শতাংশ। অর্থাৎ পুতিনের বলা সংখ্যাটি আইএমএফের তথ্যের সঙ্গেই মিলে যায়। তবে বিষয়টি আরও স্পষ্ট করতে হলে ‘ক্রয়ক্ষমতা সমতা’ বা পিপিপি বিষয়টি বুঝতে হবে। সাধারণত দেশের জিডিপি হিসাব করা হয় মার্কিন ডলারে। কিন্তু পিপিপি হিসাবে দেখা হয়, একটি দেশ আসলে কতটুকু পণ্য ও সেবা উৎপাদন করছে। এই পদ্ধতিতে উন্নয়নশীল দেশগুলোর উৎপাদন ক্ষমতা অনেক বেশি দেখায়, কারণ সেখানে পণ্যের দাম কম। আর এই হিসাবেই ব্রিকস জি-৭-কে ছাড়িয়ে গেছে।

    আইএমএফের তথ্য অনুযায়ী, ১৯৯২ সালে ব্রিকসের হিস্যা ছিল মাত্র ১৫ দশমিক ১ শতাংশ। সেটি বেড়ে ২০২৫ সালে ৪০ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ তিন দশকে ব্রিকসের হিস্যা প্রায় তিন গুণ বেড়েছে। ২০২০ সালে ব্রিকস প্রথমবারের মতো জি-৭-কে পিপিপি ভিত্তিতে ছাড়িয়ে যায় এবং এরপর থেকে ব্যবধান বাড়তেই চলেছে। উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, এই পাঁচটি দেশ ব্রিকসে যোগ দেয়। ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেয় ইন্দোনেশিয়া। এছাড়া আরও ১০টি দেশ ‘পার্টনার কান্ট্রি’ হিসেবে যুক্ত হয়েছে। ফলে বর্তমানে ব্রিকস পরিবারে মোট ২১টি দেশ। এই সদস্য বিস্তারের কারণেই ব্রিকসের অর্থনৈতিক শক্তি দ্রুত বাড়ছে। তবে শুধু সদস্য বেড়েছে বলেই নয়, পুরোনো ১১টি দেশের উৎপাদনও ২০০৫ সালের ২৬ শতাংশ থেকে বেড়ে এখন ৪০ শতাংশের বেশি হয়েছে।

    এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ডলারে হিসাব করলে কেন ছবিটা উল্টো? নামমাত্র জিডিপি হিসেবে (যেখানে দেশের উৎপাদন বর্তমান বিনিময় হার অনুযায়ী ডলারে রূপান্তর করা হয়), ২০২৫ সালে ব্রিকসের হিস্যা ছিল মাত্র ২৭ দশমিক ৯ শতাংশ, আর জি-৭-এর হিস্যা ৪৪ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ ডলারে হিসাব করলে জি-৭ এগিয়ে। এই পার্থক্যের কারণেই পুতিন পিপিপি হিসাবকে সামনে এনেছেন কারণ এই হিসাবে ব্রিকস বেশি শক্তিশালী দেখায়। পিপিপি হিসাবের পক্ষে যুক্তি হলো, এটি একটি দেশের প্রকৃত উৎপাদন ক্ষমতা দেখায় কত টন খাদ্য, কত ঘন্টা শ্রম, কত পণ্য তৈরি হচ্ছে। অন্যদিকে ডলারের হিসাব আন্তর্জাতিক বাজারে সেই দেশের কতটা মূল্য বা কতটা ঋণ নেওয়ার ক্ষমতা আছে, সেটা দেখায়। দুটো হিসাবই বৈধ, কিন্তু একেকটি একেক ধরনের শক্তি দেখায়।

    পুতিনের বক্তব্যের রাজনৈতিক তাৎপর্যও কম নয়। তিনি শুধু পরিসংখ্যান দেননি, সেইসঙ্গে পশ্চিমা দেশগুলোর ওপর তীব্র আক্রমণও করেছেন। পুতিন অভিযোগ করেছেন, ‘প্রতিযোগিতা পবিত্র’ বলে যারা কথা বলে, তারাই প্রতিযোগিতাকে ‘কুৎসিত রূপ’ দিয়েছে, পাইপলাইন ধ্বংস করা হয়েছে, আন্তর্জাতিক পরিবহন করিডর বন্ধ করার চেষ্টা চলছে, সমুদ্রগামী জাহাজ আটক করা হচ্ছে। তিনি জানান, রাশিয়ার ওপর ৩০ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা বিশ্বের অন্য সব দেশের মিলিত নিষেধাজ্ঞার চেয়ে দ্বিগুণ। ব্রিকসের সদস্যদের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়ানো এবং বিকল্প অর্থ লেনদেন ব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়েছে এই ফোরামে। রাশিয়া ও চীন দীর্ঘদিন ধরে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর পক্ষে অবস্থান নিয়ে আসছে।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ফোরামে পুতিনের তথ্যই উল্লেখ করেন। তিনি বলেন, ‘ব্রিকস আজ বিশ্বের ৫০ শতাংশ জনসংখ্যা, ৪০ শতাংশ জিডিপি এবং ২৫ শতাংশের বেশি বৈশ্বিক বাণিজ্যের প্রতিনিধিত্ব করছে।’ মোদি আরও জানান, বিশ্বের জিডিপি আড়াই গুণ বাড়লেও ব্রিকসের জিডিপি বেড়েছে প্রায় সাড়ে চার গুণ। অর্থাৎ ব্রিকসের অর্থনৈতিক শক্তি বিশ্বের বাকি অংশের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে বাড়ছে। এই বক্তব্য থেকে স্পষ্ট; ব্রিকস শুধু একটি অর্থনৈতিক জোট নয়, বরং পশ্চিমা আধিপত্যের বিকল্প একটি কাঠামো হিসেবে নিজেদের দাঁড় করাতে চাইছে। তবে চ্যালেঞ্জও কম নয়। সদস্যদের মধ্যে রাজনৈতিক ও কৌশলগত স্বার্থের ভিন্নতা, অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধির সীমাবদ্ধতা এবং ডলার-বহির্ভূত লেনদেন ব্যবস্থা চালু করার জটিলতা; এসব বিষয় ব্রিকসের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। তবুও, বিশ্ব অর্থনীতিতে ক্ষমতার ভারসাম্য যে পাল্টাচ্ছে, পুতিনের বক্তব্য তা আবারও স্পষ্ট করে দিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.