গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে ম্যাট গেটজ জানান, ওয়াশিংটনে বিতর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগকে প্রথম দিন থেকেই কার্যকর হতে হবে। তাই আমি অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন থেকে আমার নাম প্রত্যাহার করছি।
নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে তাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছেন সদ্য সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটজ। ১৭ বছরের কম বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে নৈতিকতা বিষয়ক কমিটির তদন্তের মুখে গত সপ্তাহে তিনি প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করেন। যদিও ম্যাট এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
ম্যাটকে ট্রাম্পের এই মনোনয়ন ভালোভাবে নেননি অনেক রিপাবলিকান আইনপ্রণেতা। যৌন কেলেঙ্কারি, মাদক গ্রহণের অভিযোগ ছাড়াও সাবেক স্পিকার কেভিন ম্যাককার্থির অপসারণের পেছনের কারিগর বলে ম্যাটকে মনে করেন তাঁরা।
গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প গেটজকে বিচার বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেন। তবে মনোনয়ন সংক্রান্ত বিতর্কের কারণে নতুন প্রশাসনের কাজ যাতে ব্যাহত না হয়, সে জন্যই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ম্যাট গেটজ।

