মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে যায়। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট তেলের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অক্টোবর সরবরাহের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ১০২ দশমিক ৩৪ ডলার।
এর ফলে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ১০০ ডলারের ওপরে উঠে গেছে। গত সপ্তাহ থেকেই বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল।
তেলের সরবরাহ নিয়েও দেখা দিয়েছে নতুন শঙ্কা। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লোহিত সাগরের এই প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে জ্বালানি পরিবহনে এর গুরুত্ব অনেক। এই পথে বড় ধরনের কোনো বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এমন পরিস্থিতিতে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় তেলের দাম আরও বেড়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি বাজারে এর প্রভাব আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

