যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের প্রভাব পড়েছে হরমুজ প্রণালিতে। সেখানে জাহাজ চলাচল আরও কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার খবর তেলের দামও বাড়িয়ে দিয়েছে।
সোমবার বাজার খোলার পর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৯৩ ডলারে উঠেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৬টা ২৬ মিনিটের দিকে এই দাম রেকর্ড করা হয়।
জাহাজ চলাচলের তথ্যও পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে। কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র চারটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর আগের দিন রোববার এই সংখ্যা ছিল ১০টি।
অন্যদিকে, হরমুজ প্রণালির জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী একটি সংস্থার তথ্য অনুযায়ী, অন্তত ৪৩৬টি জাহাজ বর্তমানে সেখানে আটকে বা স্থবির অবস্থায় রয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এই পথে জাহাজ চলাচল আরও কমে গেলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এরই মধ্যে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার খবর পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
জাহাজ চলাচলে বাধা এবং জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে তেলের বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আগামী দিনে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

