সৌদি আরবের মদিনা অঞ্চলে বিপুল পরিমাণ দুর্লভ মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান পাওয়া গেছে। দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান জানিয়েছেন, নতুন অনুসন্ধানে আনুমানিক ১১ কোটি টন খনিজ সম্পদের সন্ধান মিলেছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন সৌদি জ্বালানিমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, মদিনা অঞ্চলের জাবাল সাঈদ এলাকায় পরিচালিত ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানের মাধ্যমে ভারী দুর্লভ খনিজ উপাদানের পাশাপাশি উল্লেখযোগ্য ঘনত্বের ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে।
জেদ্দা শহর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত জাবাল সাঈদ ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্র হিসেবে পরিচিত। বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, এই এলাকায় প্রায় ৫ লাখ ৫২ হাজার টন ভারী দুর্লভ খনিজ, ৩ লাখ ৫৫ হাজার টন হালকা দুর্লভ খনিজ এবং প্রায় ৩১ হাজার টন ইউরেনিয়ামের মজুত রয়েছে।
এই খনিজ সম্পদের সম্ভাব্য মোট মূল্য বর্তমানে প্রায় ১০০ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ৯০ শতাংশ বেশি।
নতুন আবিষ্কারের আগে থেকেই খনিজ ও পারমাণবিক খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে সৌদি আরব। গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট ও সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমানের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে মার্কিন প্রযুক্তি ও বিনিয়োগের মাধ্যমে সৌদির পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতার সুযোগ আরও বাড়ে।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের পর খনিজ খাতে দুই দেশের সহযোগিতাও জোরদার হয়। সে সময় সৌদি রাষ্ট্রীয় খনি প্রতিষ্ঠান মাআদেন এবং মার্কিন প্রতিষ্ঠান এমপি ম্যাটেরিয়ালসের মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি হয়। চুক্তির আওতায় একটি নতুন খনিজ প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের পরিকল্পনা করা হয়, যার ৪৯ শতাংশ অর্থায়নে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সম্মত হয়।
এদিকে সৌদি আরবের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আরও দুটি সম্ভাবনাময় খনিজ অঞ্চল শনাক্ত করেছে। এসব অঞ্চলের সম্মিলিত ধারণক্ষমতা প্রায় ৬৪ কোটি ৪০ লাখ টন বলে জানা গেছে।
বিশাল এই খনিজ সম্পদের সন্ধান সৌদি আরবের অর্থনীতি ও খনিজ খাতকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশটির পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক খনিজ সহযোগিতায়ও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

