মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে এবং একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে।
স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) উত্তর ক্যারোলাইনায় পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব দাবি করেন। যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আশা করছেন যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের শেষের দিকে এগোচ্ছে।
ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়। তবে আলোচনার বিষয়টি কীভাবে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।
ইরান কী সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে, নাকি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, তেহরান সরাসরি ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে।
ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে সংকট অব্যাহত রয়েছে। এর আগে জুনে দুই পক্ষের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয়েছিল, যার লক্ষ্য ছিল হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং পরবর্তী সময়ে একটি বিস্তৃত চুক্তির পথ তৈরি করা। তবে সেই প্রক্রিয়ায় এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
এর আগে ১৩ সেপ্টেম্বরও ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে আগ্রহী এবং নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেও যুদ্ধ শেষ হতে পারে।
তবে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে সরাসরি যোগাযোগের কথা বলা হলেও, কোনো চূড়ান্ত চুক্তি হয়েছে বা যুদ্ধ শেষ করার বিষয়ে দুই পক্ষ আনুষ্ঠানিক সমঝোতায় পৌঁছেছে—এমন তথ্য তিনি দেননি।

