ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের অবসানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সুযোগ দ্রুত সংকুচিত হয়ে আসছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে আলোচিত এই সমাধান এখন ব্যর্থ হওয়ার ঝুঁকির মুখে রয়েছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ভূখণ্ড সংযুক্তীকরণের (অ্যানেক্সেশন) কার্যক্রমের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্র: সানা
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক সাইডলাইন বৈঠকে এসব মন্তব্য করেন আন্তোনিও গুতেরেস। কানাডা, ফ্রান্স, সৌদি আরব ও যুক্তরাজ্যের আয়োজনে উচ্চপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘ মহাসচিব জেরুজালেমকে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের রাজধানী করার প্রস্তাব দেন।
গুতেরেস বলেন, একটি স্বাধীন, গণতান্ত্রিক, ভৌগোলিকভাবে সংযুক্ত, কার্যকর ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় শর্তগুলো ‘পদ্ধতিগতভাবে মুছে ফেলা হচ্ছে’। তিনি উল্লেখ করেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ, নতুন বসতি স্থাপন এবং বসতিস্থাপনকারীদের (সেটলার) সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলাও রয়েছে।
জাতিসংঘ মহাসচিবের মতে, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র বিশ্বাসযোগ্য পথ। এই সমাধানের ভিত্তি হবে ১৯৬৭ সালের আগের সীমারেখা, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব এবং পূর্ববর্তী চুক্তিগুলো। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও এই বিষয়টি গুরুত্বপূর্ণ।
বৈঠকে গুতেরেস চারটি প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো: ইসরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধ করা, ভূখণ্ড সংযুক্তীকরণ প্রতিহত করা, ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করা ও দখলদারত্বের অবসান ঘটানো এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করা।
তিনি বলেন, লক্ষ্য হওয়া উচিত ইসরায়েল ও ফিলিস্তিন—দুটি সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র, যারা নিরাপদ ও স্বীকৃত সীমান্তের মধ্যে পাশাপাশি বসবাস করবে। এই রাষ্ট্রগুলোর সীমানা ১৯৬৭ সালের আগের সীমারেখার ভিত্তিতে নির্ধারিত হবে এবং জেরুজালেম হবে উভয় রাষ্ট্রের রাজধানী। তিনি আরো বলেন, “এর কোনো বিকল্প নেই। আর সময় ফুরিয়ে আসছে।”

