চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তর নিয়ে করা চুক্তি আবার পর্যালোচনা করবে যুক্তরাজ্য। বুধবার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বিবিসিকে এ তথ্য জানিয়েছেন। সূত্র: বিবিসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই চুক্তিকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করার পর যুক্তরাজ্য এ সিদ্ধান্ত নিয়েছে।
চুক্তি অনুযায়ী, চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করার কথা ছিল যুক্তরাজ্যের। এর বিনিময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে থাকা যৌথ সামরিক ঘাঁটি ৯৯ বছরের জন্য ইজারা নেওয়ার পরিকল্পনা ছিল ব্রিটেনের।
এর আগে দিয়েগো গার্সিয়া দ্বীপটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ব্যবহার করত। এই ইজারার বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০১ মিলিয়ন পাউন্ড।
বিবিসি জানিয়েছে, গত এপ্রিলে ট্রাম্পের সমর্থন প্রত্যাহারের পর চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।
স্ট্রিটিং বলেন, এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কাজ করে এমন একটি চুক্তিতে পৌঁছাতে হবে, যেটি ট্রাম্প প্রশাসন সমর্থন করতে পারে।
তিনি জানান, দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটির দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করাই চুক্তি পর্যালোচনার প্রধান উদ্দেশ্য। তবে এই পর্যালোচনা শেষ করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
স্ট্রিটিং আরও জানান, আপাতত মরিশাসকে কোনো অর্থ দেওয়া হবে না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মে মাসে যুক্তরাজ্য ও মরিশাস এই চুক্তিতে স্বাক্ষর করেছিল।
যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল, চুক্তিটির মোট ব্যয় হবে ৩ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড। তবে বিরোধীরা দাবি করেছিল, প্রকৃত ব্যয় ৩৫ বিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করেছিল, এর ফলে চীন ওই অঞ্চলে প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারে।
২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানিয়েছিল, মরিশাস থেকে চাগোস দ্বীপপুঞ্জকে আলাদা করার প্রক্রিয়া বেআইনি ছিল। একই সঙ্গে আদালত যুক্তরাজ্যকে যত দ্রুত সম্ভব ওই অঞ্চলের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল।
যদিও আইসিজের ওই মতামত বাধ্যতামূলক ছিল না, তবে জাতিসংঘের সাধারণ পরিষদ তা সমর্থন করেছিল। এরপর ২০২২ সালে যুক্তরাজ্য ও মরিশাসের মধ্যে এ বিষয়ে আলোচনা শুরু হয়।
এদিকে বিবিসি জানিয়েছে, চুক্তি পর্যালোচনার সিদ্ধান্তের পর যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক এবং রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ চুক্তিটি বাতিলের দাবি জানিয়েছেন।

