হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের দেওয়া সাত দিনের পরিকল্পনার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে ইরানের দেওয়া শর্তগুলো গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে।
শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, তারা মার্কিন প্রেসিডেন্টের প্রথম প্রতিক্রিয়া পেয়েছেন। তবে মধ্যস্থতাকারীদের কাছ থেকে এখনো যুক্তরাষ্ট্রের চূড়ান্ত বার্তার অপেক্ষায় রয়েছে তেহরান।
তিনি বলেন, চূড়ান্ত অবস্থান জানার পরই ইরান পরবর্তী সিদ্ধান্ত নেবে।
ইরানের প্রস্তাবে বলা হয়েছিল, প্রয়োজনীয় শর্ত পূরণ করা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা সম্ভব। এর বিনিময়ে ইরান যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা সম্পদ ছাড়, দেশটির ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নৌ অবরোধ বন্ধের দাবি জানিয়েছে।
তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এসব পদক্ষেপ নেওয়া হলে হরমুজ প্রণালি খুলে দিয়ে পরবর্তী সময়ে চূড়ান্ত সমঝোতার বিষয়ে আলোচনা শুরু করা যেতে পারে।
আব্বাস আরাগচি বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই বর্তমান সংকটের সমাধান সম্ভব। তবে চাপ বা হুমকির মুখে ইরান তার অধিকার থেকে সরে যাবে না বলেও জানান তিনি।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের দেওয়া শর্তগুলো গ্রহণযোগ্য নয়।
ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এক সপ্তাহের মধ্যেই হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরু করা সম্ভব। তিনি দাবি করেন, এ বিষয়ে প্রয়োজনীয় বিষয়গুলো জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার স্মারকলিপিতে উল্লেখ রয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই নৌপথ ঘিরে চলমান উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের ওপর প্রভাব ফেলছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও দুই পক্ষের অবস্থানের পার্থক্য এখনো বড় বাধা হয়ে রয়েছে।

