কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে দায়ের করা মামলার নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যকে কমপক্ষে ১০০ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টিকটক।
মামলাটি আদালতে বিচার শুরুর কয়েক দিন আগে এই সমঝোতা হয়েছে। চুক্তির আওতায় কিশোর ব্যবহারকারীদের জন্য টিকটককে একাধিক নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, আলাবামার কিশোর ব্যবহারকারীরা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা টিকটক ব্যবহার করতে পারবে। এছাড়া রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত তাদের অ্যাক্সেস সীমিত থাকবে।
টানা ১৫ মিনিট ব্যবহার করার পর ব্যবহারকারীদের বিরতি নেওয়ার জন্য স্মরণ করিয়ে দেবে প্ল্যাটফর্মটি।
সমঝোতার অংশ হিসেবে টিকটক বয়স যাচাই ব্যবস্থা আরও শক্তিশালী করবে। পাশাপাশি কিশোরদের অ্যাকাউন্ট ডিফল্টভাবে ব্যক্তিগত (প্রাইভেট) রাখা হবে এবং প্রাপ্তবয়স্কদের জন্য তরুণ ব্যবহারকারীদের খুঁজে পাওয়া আরও সীমিত করা হবে।
কিশোর ব্যবহারকারীরা চাইলে ব্যক্তিগত তথ্যভিত্তিক নয় এমন কনটেন্ট ফিড ব্যবহারের সুযোগ পাবে। এছাড়া তাদের জন্য সৌন্দর্য পরিবর্তনকারী বা কসমেটিক এনহ্যান্সমেন্ট ফিল্টার নিষিদ্ধ করা হবে।
২০২৫ সালে আলাবামা টিকটকের বিরুদ্ধে মামলা করে অভিযোগ করেছিল যে, প্ল্যাটফর্মটির কিছু বৈশিষ্ট্য তরুণদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই সমঝোতার ফলে ২৮ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা থাকা বিচার কার্যক্রম আর হবে না।
চুক্তি অনুযায়ী টিকটককে ১০০ মিলিয়ন ডলার দিতে হবে। তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে এবং অন্য অঙ্গরাজ্যগুলো যুক্ত হলে এই অর্থের পরিমাণ সর্বোচ্চ ৩০০ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর ওপর কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণমূলক চাপ ক্রমেই বাড়ছে। টিকটকের এই সমঝোতা ভবিষ্যতে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্যও নতুন নীতিগত চাপ তৈরি করতে পারে।

