পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে তিন দিনের নিরাপত্তা অভিযানে ৭১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, নিহতরা ভারত ও আফগানিস্তানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর সদস্য। অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ইসলামাবাদ।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বরাতে পাকিস্তান সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তবে পাকিস্তানের এই অভিযোগের বিষয়ে এখনো ভারত ও আফগানিস্তানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাকিস্তানের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী হামলার পেছনে ভারত ও আফগানিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে। তবে ভারত ও আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তান থেকে কথিত দায়েশ সদস্যরা সীমান্ত অতিক্রম করে নুরিস্তান প্রদেশে প্রবেশের পর তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আফগান বাহিনীর দাবি, ওই অভিযানে ২৮ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে।
তবে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের অভ্যন্তরীণ সংঘাতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সংস্থার জড়িত থাকার দাবি ভিত্তিহীন।
পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে, দেশটির ভূখণ্ড ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) কার্যক্রম পরিচালনা করছে।
তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে কোনো হামলার অনুমতি দেওয়া হয় না।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও অন্যান্য সীমান্ত এলাকায় সন্ত্রাসী হামলা বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।
চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখাওয়ার কোহাটে পুলিশ সদর দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায় অন্তত ৩১ জন নিহত হন।
এর আগে আফগানিস্তান থেকে ড্রোন হামলার অভিযোগের পর পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছিল। ইসলামাবাদ এসব হামলাকে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে পরিচালিত অভিযান হিসেবে বর্ণনা করেছে।
বেলুচিস্তানসহ সীমান্তবর্তী অঞ্চলে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

