স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম প্রাকৃতিক গ্যাস মজুত নিয়েই এবার শীত মৌসুমে প্রবেশ করছে জার্মানি। দেশটির গ্যাস সংরক্ষণাগারগুলো বর্তমানে মাত্র ৫৭ শতাংশ পূর্ণ রয়েছে। সূত্র: রয়টার্স
ইউরোপের গড় গ্যাস মজুদের তুলনায় এই হার উল্লেখযোগ্যভাবে কম। তবে এই মুহূর্তে জার্মানিতে গ্যাস সরবরাহ নিয়ে বড় ধরনের কোনো ঝুঁকি দেখছে না দেশটির অন্যতম বড় গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান ভিএনজি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী উলফ হাইটমুলারের মতে, ২০২২ সালের জ্বালানি সংকটের সময়ের তুলনায় বর্তমানে জার্মানির গ্যাস সরবরাহব্যবস্থা অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাইটমুলার বলেন, ২০২২ সালের তুলনায় বর্তমানে জার্মানির গ্যাস আমদানির উৎস অনেক বেশি বিস্তৃত হয়েছে।
একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সুযোগও আগের তুলনায় বেড়েছে। তিনি বলেন, সরবরাহের উৎস বাড়ানোর ফলে কোনো একটি নির্দিষ্ট দেশের ওপর জার্মানির গ্যাস নির্ভরতা কমেছে। বর্তমানে জার্মানির গ্যাস সংরক্ষণাগারগুলো ৫৭ শতাংশ পূর্ণ রয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে দেশটির গ্যাস মজুদের পরিমাণ এত কম থাকা একটি বিরল ঘটনা।
ইউরোপের গড় মজুদের তুলনায়ও জার্মানির অবস্থান নিচে রয়েছে। এ কারণে শীত মৌসুমে দেশটির জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে ভিএনজির প্রধান নির্বাহী মনে করেন, শুধু গ্যাস মজুদের শতকরা হার দিয়ে সরবরাহ পরিস্থিতি মূল্যায়ন করা সঠিক নয়। হাইটমুলার বলেন, গ্যাসের মজুত সরবরাহ নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এটিই একমাত্র নির্ধারক বিষয় নয়।
তার মতে, গ্যাস আমদানির পথ, পাইপলাইন ব্যবস্থা, এলএনজি আমদানির সক্ষমতা এবং অন্যান্য সরবরাহ অবকাঠামোর সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর ইউরোপে রুশ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এরপর জার্মানিসহ ইউরোপের দেশগুলো বিকল্প গ্যাস উৎস খুঁজতে শুরু করে। ভিএনজি বর্তমানে নরওয়ে থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানি করছে।
এ ছাড়া প্রতিষ্ঠানটি আলজেরিয়া ও আজারবাইজান থেকেও গ্যাস সরবরাহের চুক্তি করেছে। এর ফলে জার্মানির গ্যাস আমদানির উৎস আগের তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময় হয়েছে।
লাইপজিগভিত্তিক ভিএনজি জার্মানির বিদ্যুৎ ও জ্বালানি কোম্পানি এনবিডব্লিউর বেশির ভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান। ২০২৫ সালে কোম্পানিটি ৪০৯ টেরাওয়াট ঘণ্টা গ্যাস সংগ্রহ করেছে। এ কারণে ভিএনজি জার্মানির অন্যতম বড় গ্যাস আমদানিকারক হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি গ্যাস পাইপলাইন ও সংরক্ষণাগার পরিচালনার সঙ্গেও যুক্ত।
হাইটমুলার বলেন, ভিএনজি তাদের গ্যাস সরবরাহব্যবস্থা এমনভাবে প্রস্তুত করেছে, যাতে শীতের তীব্রতা বেশি হলেও গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হয়।
তিনি বলেন, “আমরা আমাদের গ্যাস সরবরাহের ব্যবস্থা এমনভাবে তৈরি করেছি, যাতে শীত যতই ঠান্ডা হোক না কেন, গ্রাহকদের কাছে আমাদের সরবরাহের দায়িত্ব পূরণ করতে পারি।”
তবে একই সঙ্গে তিনি কয়েকটি সম্ভাব্য ঝুঁকির কথাও উল্লেখ করেছেন। তার মতে, গ্যাস আমদানির কোনো বড় উৎস বন্ধ হয়ে গেলে, বিশ্ববাজারে গ্যাসের ঘাটতি দেখা দিলে অথবা গ্যাস সরবরাহ অবকাঠামোতে কোনো সমস্যা তৈরি হলে দাম বাড়তে পারে। এর সঙ্গে যদি শীতের তীব্রতাও বৃদ্ধি পায়, তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।
ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে এলএনজি সরবরাহ কমেছে। এর প্রভাব ইউরোপের গ্যাস বাজারেও পড়েছে। চলতি বছর ইউরোপে গ্যাসের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। বর্তমানে প্রতি মেগাওয়াট ঘণ্টা গ্যাসের দাম প্রায় ৭৫ ইউরো।
হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে উদ্বেগের পাশাপাশি শীত মৌসুমে ইউরোপে গ্যাসের চাহিদা বাড়ার বিষয়টিও বাজারে চাপ সৃষ্টি করছে।
গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি কমিশনার ড্যান ইয়র্গেনসেন সতর্ক করে বলেন, চলতি শীতে জ্বালানির দাম নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। তিনি সদস্য দেশগুলোকে গ্যাসের মজুত আরও বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে গ্যাস ব্যবহার কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
জার্মান সরকার গ্যাসের মজুত দ্রুত বাড়ানোর জন্য সরাসরি বাজারে হস্তক্ষেপের আহ্বান প্রত্যাখ্যান করেছে। তবে ২০২৭ সালের প্রথম তিন মাসের জন্য অতিরিক্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দরপত্র আয়োজনের উদ্যোগকে সমর্থন করেছে সরকার।
ভিএনজির প্রধান নির্বাহী হাইটমুলার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এই পদ্ধতিতে বাজারে বড় ধরনের হস্তক্ষেপ ছাড়াই গ্যাস মজুত বাড়ানোর জন্য প্রয়োজনীয় উৎসাহ তৈরি হবে।
জার্মানির রাজধানী বার্লিনে একটি কৌশলগত গ্যাস মজুত তৈরির পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে। হাইটমুলার এই উদ্যোগেরও সমর্থন করেছেন। তার মতে, হঠাৎ বড় ধরনের গ্যাস সরবরাহ সংকট তৈরি হলে এই কৌশলগত মজুত জার্মানিকে অতিরিক্ত নিরাপত্তা দিতে পারে।

