গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২, কান, হারেৎজ ও দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, একদিনের এই সফরে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। পরে একটি কূটনৈতিক সূত্রও দ্য জেরুজালেম পোস্টকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে আবুধাবি যান এবং সেখানে কয়েক ঘণ্টা অবস্থান করেন। তবে নেতানিয়াহুর দপ্তর তাৎক্ষণিকভাবে সফর বা বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেনি। আমিরাতের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
তবে নেতানিয়াহুর এবারের কথিত সফর এমন এক সময়ে হলো, যখন মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। একই সময়ে ইসরাইলি সংবাদমাধ্যমে এমন প্রতিবেদনও প্রকাশিত হয়েছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার আগে আমিরাতের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে হামাসের বড় ধরনের অভিযানের বিষয়ে সতর্ক করেছিলেন। নেতানিয়াহু ওই প্রতিবেদন অস্বীকার করেছেন।

