শরণার্থী, অভিবাসী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবার জন্য কংগ্রেস অনুমোদিত ৮১০ মিলিয়ন ডলারের তহবিল বাতিলের উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় (ওএমবি) এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের কাছে পাঠানো এক চিঠিতে এই তহবিল বাতিলের প্রস্তাব দেওয়া হয়।
প্রস্তাবিত কাটছাঁটের আওতায় বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও মানবসেবা, স্বরাষ্ট্র, আবাসন ও নগর উন্নয়ন এবং বিচার বিভাগের বিভিন্ন খাত রয়েছে।
ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগকে অভিবাসন নিয়ন্ত্রণের বৃহত্তর নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
তবে কংগ্রেসের অনুমোদিত অর্থ একতরফাভাবে বাতিলের উদ্যোগ নিয়ে রাজনৈতিক ও আইনগত বিতর্ক তৈরি হয়েছে।
রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া বরাদ্দকৃত অর্থ বাতিলের চেষ্টা আইনবিরোধী হতে পারে। তিনি এ ধরনের পদক্ষেপ মোকাবিলায় সহকর্মীদের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন।
ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলি অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট কংগ্রেস অনুমোদিত ব্যয়ের একটি অংশ একতরফাভাবে বাতিল করতে চাইছেন। তিনি এটিকে ‘পকেট রিসিশন’ এবং অবৈধ ‘লাইন-আইটেম ভেটো’ হিসেবে উল্লেখ করেছেন।
‘রিসিশন’ বলতে বোঝায়—প্রেসিডেন্ট কংগ্রেসের কাছে আগে অনুমোদিত কোনো সরকারি বরাদ্দ বাতিলের অনুরোধ জানাতে পারেন। তবে এ প্রক্রিয়ার ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও আইনগত বিতর্ক রয়েছে।
এর আগে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের নীতি সীমিত করার উদ্যোগ নিয়েছিল। তবে এ-সংক্রান্ত নির্বাহী আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে তা বাধার সম্মুখীন হয়।
এ ছাড়া নতুন কিছু নির্দেশনার মাধ্যমে নির্দিষ্ট পরিস্থিতিতে বৈধভাবে থাকা অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, শরণার্থী ও অভিবাসন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করছে।

