শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে ফ্রান্সে তরুণ প্রজন্মের বিক্ষোভ বড় আকার ধারণ করেছে। অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকট এবং শ্রেণিকক্ষে বাড়তে থাকা চাপের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনে দেশজুড়ে ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফ্রান্সের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলাকালে এই আটকের ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, আটক ব্যক্তিদের বড় অংশই অপ্রাপ্তবয়স্ক।
আন্দোলনের শুরু হয় প্যারিস ও আশপাশের এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে, পর্যাপ্ত শিক্ষক নেই এবং বর্তমান শিক্ষাব্যবস্থা তাদের প্রয়োজন অনুযায়ী কাজ করছে না।
বিক্ষোভের কারণে ফ্রান্সের অন্তত ৪০০টি বিদ্যালয়ে কার্যক্রম ব্যাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের কর্মসূচিতে অন্তত ১০ জন শিক্ষক, বেশ কয়েকজন শিক্ষার্থী এবং ৪৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছেন।
বিক্ষোভের সময় কয়েকটি স্থানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, কিছু বিক্ষোভকারী ময়লার পাত্রে আগুন দিয়েছেন এবং কয়েকটি স্থাপনার ক্ষতি হয়েছে।
আন্দোলনে অংশ নেওয়া ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএফপিকে বলেন, তারা অকারণে ভাঙচুর করতে আসেননি, বরং শিক্ষাব্যবস্থার সমস্যাগুলো সামনে আনতেই রাস্তায় নেমেছেন।
তার ভাষ্য, অনেক শ্রেণিকক্ষে ৩৪ জনের মতো শিক্ষার্থী রয়েছে, যা বাস্তবসম্মত নয়। একই সঙ্গে শিক্ষকেরা অতিরিক্ত কাজের চাপে রয়েছেন।
ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে বলেন, শিক্ষার্থীদের প্রতিবাদের অধিকার রয়েছে। তবে সহিংসতার কোনো ঘটনা গ্রহণযোগ্য নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, মোট ৪৪০ জনকে আটক করা হয়েছে। তাদের প্রায় দুই-তৃতীয়াংশকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারে। এর জবাবে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
শিক্ষার্থী সংগঠনের নেতা রিয়াদ রানি অভিযোগ করেছেন, সরকার আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত কঠোরতা দেখাচ্ছে। পুলিশের বিরুদ্ধে প্রয়োজনের তুলনায় বেশি শক্তি ব্যবহারের অভিযোগও তুলেছেন তিনি।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ দাবি করেছেন, পুলিশের পদক্ষেপ ছিল নিয়ন্ত্রিত ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এর আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু সতর্ক করেছিলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংস রূপ নিলে তা দায়িত্বজ্ঞানহীন আচরণ হবে।
শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি একই দিনে শিক্ষক, হাসপাতালকর্মী ও সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনও কর্মবিরতি পালন করেছে। কম বেতন, কর্মপরিবেশ এবং অন্যান্য সমস্যা নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, এই কর্মসূচিতে প্রায় ২ লাখ মানুষ অংশ নেন। তবে বেশিরভাগ জায়গায় বড় ধরনের সহিংসতা ছাড়াই কর্মসূচি শেষ হয়েছে।
বিশ্লেষকদের মতে, ফ্রান্সের তরুণদের এই আন্দোলন শুধু শিক্ষাব্যবস্থার সমস্যা নয়, বরং সরকারি সেবা, কর্মপরিবেশ এবং ভবিষ্যৎ সুযোগ নিয়ে তরুণদের উদ্বেগের প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।

