মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, মিসরের লোহিত সাগরের উপকূলে একটি পর্যটকবাহী নৌকা ডুবে ১৬ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এসব ভূক্তভোগী পর্যটকদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ২৮ জনকে।
মিসরের রেড সি প্রদেশের গভর্নরের মতে, পর্যটকবাহী নৌকাটিতে ১৩ জন ক্রুসহ ৪৪ জন যাত্রী ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে নৌকাটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়।
দুর্ঘটনার বিষয়ে নৌকায় থাকা লোকজনের কথা উল্লেখ করে বলা হয়েছে, একটি ঢেউ নৌকাটিকে আঘাত করে এবং এতে এটি ডুবে যায়। আবহাওয়ার পূর্বাভাসদাতারা রোববার এবং সোমবার সামুদ্রিক কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক করেছিলেন।
কর্মকর্তারা জানায়, পাঁচ দিনের ভ্রমণের জন্য গত রোববার মার্সা আলমের কাছে বন্দর ছেড়েছিল সি স্টোরি নামের এই নৌযানটি।
লোহিত সাগর প্রদেশের গভর্নর মেজর জেনারেল আমর হানাফি বলেছেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের মার্সা আলমের দক্ষিণে ওয়াদি আল-গেমাল এলাকায় পাওয়া গেছে এবং তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন।

