মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে উদ্বেগ কমিয়ে তিনি বলেছেন, যতদিন তিনি দায়িত্বে আছেন, কিম ভালো থাকবেন। সূত্র: আল জাজিরা
মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন। ওই সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, কেন উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র রাখতে পারে, কিন্তু ইরান তা রাখতে পারবে না।
জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি বেশ মজার। তিনি বলেন, এর কারণ হলো তখন অন্য একজন প্রেসিডেন্ট ছিলেন এবং তারা তাকে থামাতে পারত। এ সময় তিনি আগের মার্কিন প্রশাসনগুলোর প্রসঙ্গ উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, “কিম জং উন আমার একজন বন্ধু। তিনি ট্রাম্পকে পছন্দ করেন, অন্য অনেককে পছন্দ করেন না। সারা বিশ্বে আমিই সম্ভবত একমাত্র ব্যক্তি যাকে তিনি পছন্দ করেন এবং আমিও তাকে পছন্দ করি।”
তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা “বেশ বড়”, তবে তা যুক্তরাষ্ট্রের মতো নয়।
ট্রাম্প বলেন, “জানো তো, আমি যতদিন আছি, ও ভালোই থাকবে। কারণ ও আমাকে সম্মান করে এবং পছন্দ করে।”
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-ব্যাক গত সপ্তাহে জানিয়েছেন, উত্তর কোরিয়ার কাছে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এই সংখ্যা ট্রাম্পের সাম্প্রতিক দাবির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ট্রাম্প এর আগে বলেছিলেন, পিয়ংইয়ংয়ের কাছে ৫৭টি পারমাণবিক অস্ত্র রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ অষ্টম মাসে প্রবেশ করায় ট্রাম্প কিমের সঙ্গে আবারও যোগাযোগ স্থাপন করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি কূটনৈতিক সাফল্য অর্জন করতে চাইছেন।
মার্কিন প্রেসিডেন্ট ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে যুদ্ধ শুরু করেন এবং বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ইরান অবশ্য পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটি বলেছে, ২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে করা চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে তারা তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করেছিল। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৮ সালে ওই চুক্তি বাতিল করেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে প্রভাব ফেলেছে, জ্বালানির দাম বাড়িয়েছে এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
ট্রাম্প ২০১৮ ও ২০১৯ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠক করেছিলেন। তবে পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্রের দাবির কারণে সেই কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হয়।
এরপর থেকে কিম তার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের মজুত বাড়িয়েছেন। পাশাপাশি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের মাধ্যমে নিজের কূটনৈতিক প্রভাব বাড়িয়েছেন।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি চলতি বছরের শেষ হওয়ার আগেই কিমের সঙ্গে সরাসরি আলোচনায় বসার পরিকল্পনা করছেন।
তবে উত্তর কোরিয়া এ ধরনের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিশ্রুতি দেয়নি।

