মিয়ানমারে ফেরত পাঠানো রোহিঙ্গারা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
মিয়ানমারের চলমান সংঘাত, মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং ভয়াবহ মানবিক সংকটের মধ্যে মালয়েশিয়া থেকে রোহিঙ্গাসহ মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
বুধবার জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে ইউএনএইচসিআর বলেছে, মালয়েশিয়ার সাম্প্রতিক প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত যাওয়া ব্যক্তিদের সিদ্ধান্ত প্রকৃত অর্থে স্বাধীন ও তথ্যভিত্তিক ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
মালয়েশিয়া সম্প্রতি ১ হাজার ৪৭৬ জন মিয়ানমারের নাগরিককে দেশটিতে ফেরত পাঠিয়েছে। এর মধ্যে রোহিঙ্গারাও রয়েছেন। চলমান সংঘাতের মধ্যে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
মালয়েশিয়া মঙ্গলবার মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে প্রথম দফায় ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছে।
২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় ১ লাখ ২৬ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছিলেন। বাংলাদেশে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন, যাদের অধিকাংশই ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের পর পালিয়ে আসেন।
ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার ফর প্রোটেকশন এডেম ওসোর্নু বলেন, যারা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে, তাদের কেউ কেউ আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন হতে পারে এবং তারা গুরুতর ঝুঁকির মুখোমুখি হতে পারেন।
তিনি বলেন, কর্তৃপক্ষ প্রত্যাবাসনকে স্বেচ্ছামূলক বললেও ফেরত যাওয়া ব্যক্তিদের আগে অভিবাসন আটককেন্দ্রে রাখা হয়েছিল। ফলে তারা প্রকৃত অর্থে স্বাধীন ও পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পেরেছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ইউএনএইচসিআর জানিয়েছে, ফেরত পাঠানোর আগে ওই ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে পরিস্থিতি মূল্যায়নের সুযোগ তাদের হয়নি।
জাতিসংঘ সংস্থাটি বলেছে, আশ্রয় ও অভিবাসন ব্যবস্থাপনা পরিচালনা করা প্রতিটি দেশের সার্বভৌম অধিকার। তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে ব্যক্তিভিত্তিক মূল্যায়ন, নিরাপত্তা যাচাই এবং সুরক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।
আন্তর্জাতিক আইনের ‘নন-রিফাউলমেন্ট’ নীতি অনুযায়ী, কোনো ব্যক্তিকে এমন দেশে ফেরত পাঠানো যাবে না যেখানে তিনি নির্যাতন, নিপীড়ন বা জীবন ও স্বাধীনতার জন্য গুরুতর হুমকির মুখে পড়তে পারেন।
ইউএনএইচসিআর বলেছে, মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের মতো পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত দেশগুলোকে শরণার্থীদের জন্য আশ্রয়ের সুযোগ এবং আন্তর্জাতিক সুরক্ষার দায়িত্ব বজায় রাখতে হবে।
সংস্থাটি মালয়েশিয়ার সঙ্গে আশ্রয় ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
একই সঙ্গে মিয়ানমারের সংকটের রাজনৈতিক সমাধান এবং সংঘাত বন্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। পাশাপাশি মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশগুলোর প্রতি আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

