আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে পাকিস্তান সেনাবাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে কাবুল। তালেবান সরকারের বরাতে বার্তাসংস্থা এএফপি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সূত্র: এএফপি
অন্যদিকে ইসলামাবাদ আফগানিস্তানে তাদের ‘পরিকল্পিত ও সুনির্দিষ্ট’ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামলার নির্দিষ্ট কোনো স্থানের নাম প্রকাশ করেনি পাকিস্তান। দেশটি জানিয়েছে, সন্ত্রাসীদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশেও একটি বিমান হামলার ঘটনা ঘটেছে।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, হেলমান্দ ও কুনার—এই দুই প্রদেশে নারী ও শিশুসহ মোট ৯ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
তিনি আরও জানান, হামলায় আরও ১১ জন আহত হয়েছেন এবং তিনটি বাড়ি ধ্বংস হয়েছে।
এদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি স্থানে থাকা সন্ত্রাসী ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে।
হেলমান্দ প্রাদেশিক সরকার জানিয়েছে, হামলায় সাফার গ্রামে চারজন নিহত হয়েছেন এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
চলতি বছরের শুরুতে আফগানিস্তান ও পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়ে। মার্চ মাসে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হলেও নিরাপত্তা পরিস্থিতির স্থায়ী সমাধান হয়নি। এরপর থেকে দুই দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

