ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানি জনগণের সংগ্রাম, সাফল্য ও বিজয়ের মূল শক্তির অন্যতম ভিত্তি হলো নামাজ।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়োজিত ৩৩তম জাতীয় নামাজ সম্মেলনে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এ কথা বলেন।
সম্মেলনে তার দেওয়া বার্তায় নামাজকে মহান আল্লাহর অন্যতম বড় নিয়ামত এবং ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়।
মোজতবা খামেনি বলেন, নামাজ মানুষের সঙ্গে মহান সৃষ্টিকর্তার সরাসরি যোগাযোগের মাধ্যম। এটি মানুষের ভেতরের অহংকার, আত্মকেন্দ্রিকতা এবং নেতিবাচক প্রবৃত্তির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগায়। একই সঙ্গে এটি মানুষের মনে শান্তি, আশা ও ভালোবাসার অনুভূতি তৈরি করে।
তিনি বলেন, নামাজ শুধু ব্যক্তিগত ধর্মীয় দায়িত্ব নয়, এর একটি সামাজিক গুরুত্বও রয়েছে। সমাজে নৈতিকতা, দায়িত্ববোধ এবং আধ্যাত্মিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নামাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বার্তায় তিনি পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, কোনো জাতি যখন ক্ষমতা ও সামর্থ্য অর্জন করে, তখন তাদের অন্যতম দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা।
ইরানি জনগণের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, নামাজের চেতনা ধারণ করা জাতীয় অগ্রগতি ও সংগ্রামের জন্য গুরুত্বপূর্ণ।
মোজতবা খামেনি পরিবার, শিক্ষক, সমাজের বিশিষ্ট ব্যক্তি, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং প্রভাবশালী ব্যক্তিদের নামাজ প্রতিষ্ঠার বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যদি এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে নামাজের শিক্ষা ও মূল্যবোধ আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
বার্তার শেষে তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহর রহমতে ইরানি জনগণ নামাজের মাধ্যমে এর কল্যাণ ও বরকত লাভ করতে সক্ষম হবে।

