ইসরাইলের আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরেক মেয়াদের পক্ষে সরাসরি সমর্থন জানানো থেকে বিরত থাকলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র নেতানিয়াহুকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট না করে বরং ইসরাইলের নিরাপত্তার প্রতি নিজের অঙ্গীকারের কথা তুলে ধরেছেন তিনি।
বৃহস্পতিবার প্রকাশিত টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর আরও এক মেয়াদ পাওয়া উচিত কি না। জবাবে ট্রাম্প বলেন, তিনি এখন আর রাজনীতিতে যুক্ত নন। একই প্রশ্ন আবার করা হলে তিনি জানান, তাঁর মূল লক্ষ্য ইসরাইলকে রক্ষা করতে সহায়তা করা।
তবে নেতানিয়াহুকে নিয়ে সরাসরি সমর্থনের কথা না বললেও ট্রাম্প তাঁর রাজনৈতিক অবস্থানকে হালকাভাবে না দেখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এর আগেও অনেকে নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছেন বলে মনে করেছিলেন। নিজের ক্ষেত্রেও একই ধরনের ধারণা তৈরি হয়েছিল বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে অবমূল্যায়ন করবেন না।
সাক্ষাৎকারে বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করা তুলনামূলক সহজ হবে কি না, সেটিও জানতে চাওয়া হয়। ট্রাম্প জানান, আইজেনকোট সম্পর্কে তিনি খারাপ কিছু শোনেননি। তবে একই সঙ্গে নেতানিয়াহুর রাজনৈতিক অভিজ্ঞতা ও অবস্থানকে গুরুত্ব দেওয়ার কথা বলেন।
ট্রাম্প আরও দাবি করেন, অতীতে নেওয়া বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের কারণে ইসরাইলের মানুষের মধ্যে তাঁর জনপ্রিয়তা অত্যন্ত বেশি। তিনি এর মাত্রা প্রায় ৯৯ শতাংশ বলে উল্লেখ করেন।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ এবং গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযান নিয়ে সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্যের বিষয়টি আলোচনায় এসেছে। সাক্ষাৎকারেও ইরান প্রসঙ্গে ট্রাম্প নিজের অবস্থান তুলে ধরেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামলার আগে নেতানিয়াহু আগাম গোয়েন্দা তথ্য পেয়েছিলেন—এমন দাবির বিষয়ে ট্রাম্প সন্দেহ প্রকাশ করেন। তাঁর মতে, নেতানিয়াহু আগে থেকেই হামলার বিষয়ে জানতেন—এমনটা তিনি মনে করেন না। আগে থেকে জানা থাকলে নেতানিয়াহু অবশ্যই কোনো পদক্ষেপ নিতেন বলে মন্তব্য করেন ট্রাম্প।
ইরানের সঙ্গে সামরিক সংঘাত প্রসঙ্গে ট্রাম্প জানান, শুরুতে যুক্তরাষ্ট্রের অভিযান চার থেকে আট সপ্তাহ চালানোর পরিকল্পনা ছিল। পরে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো আরও ব্যাপকভাবে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, চাইলে তখনই অভিযান থামানো সম্ভব ছিল। কিন্তু তাঁর কাছে সেটি উপযুক্ত মনে হয়নি।
হরমুজ প্রণালি নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, যুদ্ধ শুরুর পর ইরান কিছু সময়ের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ রাখতে সক্ষম হয়েছিল। পরে যুক্তরাষ্ট্র সেটির নিয়ন্ত্রণ নেয় বলে দাবি করেন তিনি। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।
ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানের পক্ষ থেকে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা তিনি প্রত্যাখ্যান করেন। তাঁর ভাষায়, প্রস্তাবের শর্তগুলো গ্রহণযোগ্য পর্যায়ের ছিল না।
আগামী মার্কিন কংগ্রেস নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা আরও বাড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প প্রথমে সম্ভাবনার কথা বলেন। পরে অবশ্য তিনি নিজের অবস্থান স্পষ্ট না করে বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।

