আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘অটুট’ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেইসঙ্গে ইরান এই সমুদ্রপথ নিয়ে ‘খেলতে থাকলে’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
হেগসেথ সাংবাদিকদের বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। ইরান ওই পথ দিয়ে ‘আক্ষরিক অর্থেই কিছুই’ পাঠাতে পারেনি বলে দাবি করেন তিনি। বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
ইরানকে ‘সঠিক সিদ্ধান্ত নেওয়ার’ আহ্বান জানিয়ে হেগসেথ বলেন, দেশটি তা না করলে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে প্রয়োজনীয় সব বিকল্প রাখা হবে। তবে অপ্রয়োজনীয়ভাবে পরিস্থিতি দীর্ঘায়িত হতে দেবেন না ট্রাম্প। তিনি মিশন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন এবং প্রয়োজন হলে তা সম্পন্ন করতে সক্ষম বলেও মন্তব্য করেন হেগসেথ।
এ সময় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে ট্রাম্পের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ’।
হেগসেথ বলেন, ‘বার্তাটি খুবই সহজ—ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ এবং তিনি নিশ্চিত করবেন যে ইরান তা অর্জন করতে না পারে। তারা পারমাণবিক অস্ত্র পাবে না।’

