ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সিদ্ধান্তের দ্বারপ্রান্তে’ রয়েছেন। পরিস্থিতি ‘সহজ পথে নাকি কঠিন পথে’ সমাধান করা হবে, এখন সেটিই মূল প্রশ্ন বলে মন্তব্য করেছেন তিনি।
হোয়াইট হাউস থেকে ওহাইওতে একটি সমাবেশে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প।
ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ‘আনুষ্ঠানিকভাবে ইরানকে ধ্বংস করেছে’ এবং এখন পরবর্তী পদক্ষেপ কী হবে, সে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।
তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বলেন, ‘একমাত্র প্রশ্ন হলো—আমরা কি বিষয়টি সহজ পথে সমাধান করব, নাকি কঠিন পথে?’
পরে ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা ‘প্রায় পুরোপুরি ছেড়ে দিয়েছে’।
তবে ইরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করেছে। সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে না। আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমিয়ে আনার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। একই সঙ্গে বেসামরিক কাজে পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে বলেও জানান।
ইরানের ওপর নিষেধাজ্ঞা ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে চাপ অব্যাহত রেখেছে হোয়াইট হাউস। ফেব্রুয়ারিতে জারি করা এক নির্বাহী আদেশে ইরানসংক্রান্ত মার্কিন জাতীয় জরুরি অবস্থা পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি ইরান থেকে পণ্য ও সেবা কেনা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ব্যবস্থাও রাখা হয়।

