ইয়েমেনে সংঘাত আরও তীব্র হওয়ার মধ্যে দেশটির সেনাবাহিনী হুথি মিলিশিয়াদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা ইয়েমেন সরকারের এই নতুন অভিযানে যুক্ত হয়েছে এবং হুথিদের বিরুদ্ধে পরিচালিত সামরিক কার্যক্রমে সহায়তা দিচ্ছে। সূত্র: দ্য ডন
সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেন সরকারের অভিযানে স্থল বাহিনীকে সহায়তা দিতে তারা আকাশপথে অভিযান পরিচালনা করছে। ভোরবেলার হামলায় হুথি মিলিশিয়াদের লক্ষ্য করে প্রায় ১০০টি যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
রবিবার ঘোষিত নতুন সামরিক অভিযানের নাম ‘ডন অফ ইয়েমেন’। এই অভিযানের কথা উল্লেখ করে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, “আজ ভোরে ‘ডন অফ ইয়েমেন’ অভিযানে ১০০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে।”
তিনি জানান, ইয়েমেনের স্থলভাগে অবস্থানরত সশস্ত্র বাহিনীকে সহায়তা দিতে দিন ও রাতজুড়ে বিমান সহায়তা অব্যাহত থাকবে। এর মাধ্যমে অভিযানে থাকা ইয়েমেনি বাহিনীর সামরিক কার্যক্রমকে আকাশপথ থেকে সুরক্ষা দেওয়া হবে।

