ব্রিটিশ সামরিক ঘাঁটি আরএফএ ফেয়ারফোর্ড থেকে যুক্তরাষ্ট্র তাদের সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। এক বিবৃতিতে মার্কিন সামরিক কর্মকর্তারা জানান, তারা ঘাঁটিতে থাকা বোমারু বিমানগুলো সরিয়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে নিয়ে গেছেন। সূত্র: বিবিসি
সাম্প্রতিক একটি ‘সন্দেহজনক ঘটনা’র প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ওই ঘটনার তদন্ত করছে যুক্তরাজ্যের সন্ত্রাস দমন পুলিশ।
ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমানগুলো উড্ডয়ন করেছে।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ব্রিটিশ এই বিমানঘাঁটি ব্যবহার করে আসছিল। ঘাঁটিটিতে মার্কিন প্রায় এক ডজন বি-১ বোমারু বিমান মোতায়েন ছিল, যেগুলো এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়ার কারণ সম্পর্কে যুক্তরাষ্ট্র বিস্তারিত কিছু জানায়নি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে ধারণা করা হচ্ছে, গত ২৭ সেপ্টেম্বর বিমানঘাঁটির কাছে তিনটি ‘সন্দেহজনক যানবাহন’ অবস্থান করার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

