বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় যে, রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে আরও সাড়ে ৭২ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর পরিকল্পনা করছেন জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। দুই মার্কিন কর্মকর্তা বুধবার বলেছেন, বিদায়ী প্রেসিডেন্ট জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগে কিয়েভে সরকারকে শক্তিশালী করার চেষ্টা করছেন।
বাইডেন প্রশাসন ল্যান্ড মাইন, ড্রোন, স্টিংগার মিসাইল এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমার্স) জন্য গোলাবারুদসহ রাশিয়ার অগ্রসরমান সৈন্যদের রুখতে বিভিন্ন ট্যাঙ্ক-বিরোধী অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করেছে বলে পরিকল্পনার সাথে পরিচিত একজন কর্মকর্তা এমনটাই জানায়। রয়টার্সের দেখা বিজ্ঞপ্তি অনুসারে, প্যাকেজটিতে ক্লাস্টার যুদ্ধাস্ত্রও অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হয়।
এনডিটিভির সূত্র অনুসারে দেখা যায় যে, ইউক্রেনে অস্ত্র সরবরাহের এই প্যাকেজটি বাইডেনের প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি (পিডিএ) এর আওতায় দেওয়া হবে। মূলত এর মাধ্যমে যুক্তরাষ্ট্র যে কোনো জরুরী পরিস্থিতিতে মিত্রদের সাহায্য করতে বর্তমান অস্ত্রের মজুদ থেকে অস্ত্র দেওয়ার অনুমতি দিতে পারে।
অপরদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশি গোয়েন্দাপ্রধান সের্গেই নারিশ জানিয়েছে, তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ সাময়িক থামিয়ে রাখার বিপক্ষে রয়েছে রাশিয়া। ইহার পরিবর্তে মস্কো টেকসই ও দীর্ঘমেয়াদি শান্তি চায়, যাতে এ-সংকটের মূল সমস্যা সমাধান করা সম্ভব হয়।
অন্যদিকে নিউইয়র্ক টাইমসে এ প্রতিবেদনে জানা যায় যে, পশ্চিমা দেশগুলোতে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রসহায়তার বিষয়টি আলোচনা হচ্ছে। এ বিষয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার আলোচনা একেবারে দায়িত্বজ্ঞানহীন।
কেবল যুক্তরাষ্ট্রই নয় পাশাপাশি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও কানাডাও ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়। দেশটিতে মানবিক সহায়তা হিসেবে সৌদি আরবও ৪০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের টেলিফোনে আলাপকালে বিন সালমান বিষয়টি নিশ্চিত করে।

