ইউক্রেনের জ্বালানিমন্ত্রীর বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিবিসি জানায়, রুশ বাহিনীর হামলায় বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হারমান হালুশ্চেনকো বলেছেন, ইউক্রেনজুড়ে জ্বালানি স্থাপনায় হামলায় হয়েছে এবং এ কারণে বিদ্যুতহীন হয়ে পড়েছে অনেক এলাকা। লোকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়।
বিবিসি বলছে, নতুন করে দেশটির বিমান বাহিনী কিয়েভসহ রিভেন, ভিনিতসিয়া, ক্রপিভিনিতস্কি, বালতা, মিকোলাইভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলার সতর্কতা জারি করেছে।
ইউক্রেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে এক হাজার ৫০০ বিমান হামলা চালিয়েছে।
খারকিভের মেয়র ইগোর তেরেকহোভ বলেছেন, আবাসিক অঞ্চলে বোমাবর্ষণ করা হয়েছে। লুতস্কের মেয়র ইহোর পলিশ্চাক বলেছেন, একাধিক বিস্ফোরণ হয়েছে এবং শহরের এক অংশে বিদ্যুৎ নেই।
এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী দেশজুড়ে বিমান হামলার সাইরেন জারি করে। এছাড়া সুমি ও ভলিনেও হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় মিডিয়া আউটলেট জারকালো তিনজনিয়া জানিয়েছে, প্রধান বন্দর নগরী ওডেষাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ কিপের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন।

