ভারতীয় বিমানবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। বর্তমানে বাহিনীর ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আগামী ৩১ অক্টোবর বিকেলে এয়ার চিফ মার্শাল পদমর্যাদায় ভারতীয় বিমানবাহিনীর ২৯তম প্রধান হিসেবে দায়িত্ব নেবেন আশুতোষ দীক্ষিত।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, একই দিন বর্তমান প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং অবসরে যাবেন। এরপর তার স্থলাভিষিক্ত হয়ে বাহিনীর নেতৃত্বে আসবেন আশুতোষ দীক্ষিত।
প্রায় চার দশকের সামরিক কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ‘অপারেশন সাগর’, ‘অপারেশন রক্ষক’ এবং ‘অপারেশন সিঁদুর’-এর মতো সামরিক অভিযানেও দায়িত্ব পালন করেছেন আশুতোষ দীক্ষিত।
১৯৮৬ সালের ৬ ডিসেম্বর ভারতীয় বিমানবাহিনীর ফাইটার শাখায় কমিশন পান তিনি। দীর্ঘ কর্মজীবনে ধাপে ধাপে বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ হওয়ার আগে আশুতোষ দীক্ষিত চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ টু দ্য চেয়ারম্যান, চিফস অব স্টাফ কমিটি এবং সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।
আশুতোষ দীক্ষিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি, বাংলাদেশ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক শিক্ষার্থী। প্রায় ৪০ বছরের কর্মজীবনে বিভিন্ন ধরনের উড়োজাহাজে ৩ হাজার ৫০০ ঘণ্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে তার।
ফাইটার ও প্রশিক্ষণ বিমানের বিস্তৃত অভিজ্ঞতাও রয়েছে এই কর্মকর্তার। তিনি মিরাজ-২০০০, মিগের বিভিন্ন সংস্করণ, কিরণ, জাগুয়ার, আইএল-৭৮, হক এবং তেজস উড়িয়েছেন।
আশুতোষ দীক্ষিত একজন এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট এবং কোয়ালিফায়েড ফ্লাইং ইনস্ট্রাক্টর। কর্মজীবনে পশ্চিমাঞ্চলের একটি ফ্রন্টলাইন ফাইটার ঘাঁটি এবং দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফাইটার ট্রেনিং বেসের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ সামরিক জীবনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সম্মান পেয়েছেন তিনি। ২০০৬ সালে বায়ুসেনা পদক, ২০১১ সালে বিশিষ্ট সেবা পদক, ২০২৩ সালে অতি বিশিষ্ট সেবা পদক এবং ২০২৬ সালে পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিত হন আশুতোষ দীক্ষিত।
আগামী ৩১ অক্টোবর অমর প্রীত সিংয়ের অবসরের পর ভারতীয় বিমানবাহিনীর নেতৃত্বের দায়িত্ব নেবেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘ সামরিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার হাতে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহিনীর নেতৃত্বের দায়িত্ব উঠবে।

