বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে ভূগর্ভের অতি-গভীর স্তরে তেল ও গ্যাস অনুসন্ধান জোরদার করেছে চীন। বিশেষ করে ৬ হাজার মিটার বা তার বেশি গভীরতার ভূস্তরে খনন করে প্রচলিত হাইড্রোকার্বন সম্পদ উত্তোলনে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিচ্ছে দেশটি।
চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোচায়না দেশটির পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের হাদে-ফুমান তেলক্ষেত্রে ৬ হাজার মিটার বা প্রায় ১৯ হাজার ৬৮৫ ফুট গভীরে খনন করা কূপগুলো থেকে এ পর্যন্ত ২৬ মিলিয়ন টনের বেশি তেল ও গ্যাস উৎপাদন করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাধারণত ভূপৃষ্ঠের ৬ হাজার মিটার বা তারও বেশি গভীরতার ভূস্তরকে ‘আল্ট্রা-ডিপ’ বা অতি-গভীর হিসেবে বিবেচনা করা হয়। এসব স্তরে কূপ খনন করা অত্যন্ত ব্যয়বহুল। একই সঙ্গে উচ্চ তাপমাত্রা, চাপ এবং জটিল ভূতাত্ত্বিক কাঠামোর কারণে সেখানে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রযুক্তিগতভাবেও কঠিন।
হাদে-ফুমান তেলক্ষেত্রে এখন পর্যন্ত ৪৮৫টি অতি-গভীর কূপ খনন করেছে চীন। বর্তমানে এটি দেশটির বৃহত্তম মরুভূমি তেলক্ষেত্র এবং অতি-গভীর স্তর থেকে তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল আমদানিকারক হিসেবে চীন দীর্ঘদিন ধরেই বিদেশি সরবরাহের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে এই নির্ভরতা কমিয়ে জ্বালানি নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে বেইজিং। এর অংশ হিসেবে অতি-গভীর ভূস্তর এবং মহাদেশীয় শিলাস্তরে থাকা দেশীয় তেল-গ্যাস সম্পদের অনুসন্ধান ও উত্তোলন বাড়ানো হচ্ছে।
শুধু তেল নয়, প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও অতি-গভীর স্তরে অনুসন্ধান বাড়িয়েছে চীন। দেশটির আরেক রাষ্ট্রায়ত্ত জ্বালানি জায়ান্ট সিনোপেক সিচুয়ান প্রদেশের জিয়াং ডংফেং এলাকায় ২৩৫ দশমিক ৬৮৭ বিলিয়ন ঘনমিটার প্রমাণিত ভূগর্ভস্থ গ্যাস মজুদ উত্তোলনের জন্য সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর বাণিজ্যিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে।
চায়না পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল করপোরেশন বা সিনোপেক গত মে মাসে জানায়, চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় তাদের ওই শেল গ্যাসক্ষেত্রের মজুদ নিশ্চিত করার অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে দেশটির প্রথম অতি-গভীর এবং ১০০ বিলিয়ন ঘনমিটারের বেশি মজুদের বৃহৎ শেল গ্যাসক্ষেত্রটি চালুর পথ তৈরি হয়েছে।
প্রযুক্তিগত ও ভূতাত্ত্বিকভাবে জটিল ভূখণ্ডে এসব অনুসন্ধান চালানো হলেও সাম্প্রতিক বছরগুলোতে চীনের অভ্যন্তরীণ প্রধান অববাহিকাগুলোতে শেল তেল ও গ্যাসের অনুসন্ধান উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সিনোপেক। এর ফলে নতুন নতুন মজুদের সন্ধানও মিলছে।
অতি-গভীর ভূস্তরে তেল-গ্যাস উত্তোলনের ক্ষেত্রে খনন ব্যয় ও প্রযুক্তিগত ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। তারপরও বিদেশি উৎসের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এই খাতে বিনিয়োগ ও অনুসন্ধানকে গুরুত্ব দিচ্ছে চীন।
তেল ও গ্যাস আমদানির জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্যময় সরবরাহকারী থাকা সত্ত্বেও জ্বালানি নিরাপত্তাকে কেবল আমদানির ওপর নির্ভর করে রাখতে চাইছে না বেইজিং। বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রচলিত হাইড্রোকার্বন জ্বালানিতেও নিজস্ব উৎপাদন সক্ষমতা ও আত্মনির্ভরতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।
ফলে নবায়নযোগ্য জ্বালানির প্রসারের পাশাপাশি অতি-গভীর ভূস্তর থেকে তেল ও গ্যাস উত্তোলনের প্রযুক্তি উন্নয়ন চীনের দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।

