রাজপথে আন্দোলনের মাধ্যমে ভারতে ‘নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস- এমন অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার ভারতের বিভিন্ন প্রান্তে কংগ্রেস এবং জেন-জিদের গঠিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে এই অভিযোগ তোলে বিজেপি। সূত্র: দ্য হিন্দু
দলটির দাবি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ক্ষমতায় আসার জন্য ‘মরিয়া’ হয়ে উঠেছেন।
বুধবার ‘ইনডিয়া’ জোটের বিক্ষোভের কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি এসব অভিযোগ করেন। তিনি বলেন, দিল্লিতে রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং কংগ্রেস কর্মীরা যেভাবে পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন, তাতে দলটির উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে।
এক ভিডিও বার্তায় প্রদীপ ভাণ্ডারি বলেন, “কংগ্রেসের কৌশল হলো নেপাল ও বাংলাদেশের মতো ভারতেও অরাজক পরিস্থিতির বিস্তার ঘটানো।”
এদিকে বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত ‘পিপলস ট্রাইব্যুনালে’ অংশ নেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং ইউটিউবার ধ্রুব রাঠী। সেখান থেকে পরবর্তী সময়ে ‘জুতো প্রদর্শন’ বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে সিজেপির।
সিজেপির নেতা অভিজিৎ দিপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে “গণহত্যা ও ভোট চুরির” অভিযোগ করেছেন। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে।
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চেয়েছিল বিরোধীরা। তবে দিল্লি পুলিশ সেই অনুমতি দেয়নি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস। আদালত শুক্রবার এ বিষয়ে শুনানি করতে সম্মত হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন এবং সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বুধবার মধ্য দিল্লিতে ‘ইনডিয়া’ জোটের বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে অন্তত দুটি নতুন মামলা করা হয়েছে।
মোদিই পুরো দেশের সমস্যা, বললেন ধ্রুব রাঠী
বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত পিপলস ট্রাইব্যুনালে ধ্রুব রাঠী বলেন, এটি তার প্রথম আন্দোলন। তিনি বলেন, “গতকাল যখন নামলাম, দেখলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হচ্ছে যে ধ্রুব রাঠী সরকার পরিবর্তন করতে আসছে।”
তিনি আরও বলেন, “নরেন্দ্র মোদি হয়তো ভাবছেন আমার সমস্যা কেবল তাকে নিয়ে; কিন্তু সত্যি হলো পুরো দেশেরই তাকে নিয়ে সমস্যা রয়েছে।”

