মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যের একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন বন্দি এবং একজন কিশোর দর্শনার্থী রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে সিনালোয়া রাজ্যের মাজাতলান শহরের এল কাস্তিয়ো কারাগার কেন্দ্রে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কারাগারের ভেতরে বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিনালোয়া জননিরাপত্তা সচিবালয় জানিয়েছে, বৃহস্পতিবারের সংঘর্ষে নয়জন বন্দি এবং একজন পরিবারের সদস্য নিহত হন। নিরাপত্তা সচিব সিনুহে তেলেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, নিহত দর্শনার্থী একজন অপ্রাপ্তবয়স্ক ছিল।
সংঘর্ষের পর আহত ১৬ জন বন্দিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কারাগারটি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং বাকি বন্দিরা নিরাপদে আছেন।
নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সামাজিক কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে কারাগারের ভেতরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিনালোয়া মেক্সিকোর অন্যতম আলোচিত অঞ্চল, যেখানে দীর্ঘদিন ধরে মাদক চক্রগুলোর মধ্যে সংঘাত চলে আসছে। বিশেষ করে সিনালোয়া মাদক চক্রের বিভিন্ন পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে সহিংসতা দেখা যায়। নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে ছয়টি মেক্সিকান রাজ্যে ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে, সিনালোয়া তার একটি।
তবে কারাগারের এই সংঘর্ষ সরাসরি মাদক চক্রের চলমান বিরোধের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
মেক্সিকোর কারাগারগুলোতে বন্দিদের মধ্যে সংঘর্ষ নতুন কোনো ঘটনা নয়। অতীতে বিভিন্ন কারাগারে সংঘর্ষ, গোষ্ঠীগত বিরোধ এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবারের ঘটনাও দেশটির কারা ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কর্তৃপক্ষ এখন ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছে।

