শনিবার বিক্ষোভকারীরা যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে বাসে তুলে বিভিন্ন স্থানে নিয়ে যায়। এর মধ্যে যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে ৫০০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিক্ষোভ ঘিরে দিল্লির বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বসানো হয়েছে ব্যারিকেড। এমনকি ভারতের সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীকেও আটক করেছে পুলিশ। তাঁরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন।

মমতা ও পিনারাই বিজয়ন আটক
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায় বসার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছ থেকে তাঁকে আটক করা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আটক হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম ও সাকেত গোখলে।
এদিকে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা পিনারাই বিজয়নকেও আটক করেছে পুলিশ। তাঁর রাজনৈতিক দল ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিআইএম) দলের সাংসদ জন ব্রিটাস শনিবার এক ভিডিওবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ভিডিওতে ব্রিটাসকে পিনারাই বিজয়ন ও সাবেক অর্থমন্ত্রী কে এন বালাগোপালের সঙ্গে দেখা যায়। ব্রিটাসের দাবি, তাঁদের আটক করে প্রথমে ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ৩০ থেকে ৪০ মিনিট রাখার পর পুলিশ জিপে করে শহরের বিভিন্ন এলাকায় ঘোরানো হচ্ছিল।
ভিডিওতে ব্রিটাস বলেন, ‘আমাদের পুলিশ জিপে করে শহরের চারপাশে ঘোরানো হচ্ছে। প্রথমে আমাদের ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছিল এবং ৩০-৪০ মিনিট পর এখন আমরা পুলিশ জিপে রয়েছি। আমরা জানি না আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতিটা এমনই।’
তাঁর অভিযোগ, ‘দিল্লি এখন দিল্লি পুলিশের নিয়ন্ত্রণে এবং মানুষের মৌলিক নাগরিক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে।’

আটক শিক্ষার্থী নেতা নেহা বোরা
ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকেও আটক করেছে পুলিশ। তাঁকে একটি পুলিশ বাসে রাখা হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা বাসটি ঘিরে রাখেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেহা বোরা জানান, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের স্থান পরিবর্তন করা হয়েছে। নয়াদিল্লির যন্তর মন্তরের পরিবর্তে বিক্ষোভের স্থান নির্ধারণ করা হয়েছে দিল্লি হাটে। এ ঘোষণার পর তাঁকে আটক করা হয়।
২৯ বছর বয়সী নেহা বোরা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। পাশাপাশি তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশনের ছাত্রসংগঠন এআইএসএর সভাপতি। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনে তিনি ‘পোস্টার গার্ল’ হয়ে উঠেছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
আটক সিজেপির শীর্ষ নেতারা
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কয়েকটি বামপন্থী সংগঠন এ বিক্ষোভের ডাক দিয়েছে।
দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও মুখপাত্র সৌরভ দাসকে দিল্লিতে পৌঁছানোর পর আটক করা হয়। এ ছাড়া দলের আইন শাখার প্রধান রত্না সিংহ এবং ইউটিউবার-ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকেও আটক করেছে পুলিশ। ধ্রুব রাঠিকে গুরুগ্রাম থেকে আটক করা হয়।
সিজেপি অভিযোগ করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দিতে যন্তর মন্তরে যাওয়ার পথে লোকজনকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে কঠোর ব্যারিকেড দেওয়া সড়ক দিয়ে নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতে একটি বাসকে যেতে দেখা যায়।
দলের শীর্ষ নেতারা আটক থাকায় যন্তর মন্তরে বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সিজেপির সংগঠনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত অজিঙ্কা শিন্দেকে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, ‘অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক থাকা পর্যন্ত সিজেপির সংগঠনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত অজিঙ্কা শিন্দে যন্তর মন্তরের এই বিক্ষোভে নেতৃত্ব দেবেন।’
দলটি আরও জানায়, সম্ভাব্য আটকের আশঙ্কায় অজিঙ্কা শিন্দে আগের রাতেই একটি ভিডিও ধারণ করে রেখেছিলেন। দলের নেতারা আটক হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। একই সঙ্গে আন্দোলনে নেতৃত্ব দিতে তরুণ ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
_original_1791612944.jpg)
দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তা
বিক্ষোভের অনুমতি না দেওয়ায় যন্তর মন্তর ও আশপাশের এলাকায় আগেই নিরাপত্তা জোরদার করে দিল্লি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়েছে। এ ছাড়া রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটসহ দিল্লির ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থানপথ বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যান্য রাজ্য থেকে আসা এবং স্থানীয় মিলিয়ে ২৫০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে। এসব ট্রেনের হজরত নিজামুদ্দিন ও নয়াদিল্লি স্টেশনে পৌঁছানোর কথা ছিল।
পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ২০ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে ৩০০টি সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি শুক্রবার রাত ১০টা থেকে ২৪ ঘণ্টার জন্য যন্তর মন্তরের চারপাশে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আগের বিক্ষোভের পুনরাবৃত্তি ঠেকানোর উদ্যোগ
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির বিক্ষোভের সময় ২০ জুলাই যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতেই পুলিশ এবার ব্যাপক ধরপাকড়ের পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার পর শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছিলেন এবং সরকার বিক্ষোভকারীদের দাবি মেনে নিয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এবারের বিক্ষোভ ঘিরে আগেভাগেই ব্যাপক নিরাপত্তাপ্রস্তুতি নিয়েছে দিল্লি পুলিশ। তবে ধরপাকড় ও আটকের ঘটনায় রাজনৈতিক নেতা, শিক্ষার্থী এবং সাধারণ বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সিজেপি জানিয়েছে, তাদের নেতাদের আটক করা হলেও আন্দোলন চলবে।
তথ্যসূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও সংশ্লিষ্ট নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য।

