রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের কর্মকর্তারা ফ্লোরিডার মায়ামিতে বৈঠক করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন দূত স্টিভ উইটকফ।
উইটকফ জানান, বৈঠকে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে। শীত আসার আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধের উত্তেজনা কমানো, সংঘাতের অবসান এবং টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এগিয়ে নেওয়ার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেছেন অংশগ্রহণকারীরা।
বৈঠকে ‘ই৩’, ইউরোপীয় কমিশন, ইউক্রেন ও ন্যাটোর প্রতিনিধিরা অংশ নেন বলে জানান উইটকফ।
তিনি বলেন, আলোচনায় জ্বালানি খাতের স্থিতিস্থাপকতা, শস্য রপ্তানি, নিরাপত্তার নিশ্চয়তা এবং ভবিষ্যতে সংঘাত প্রতিরোধে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার দীর্ঘমেয়াদি ব্যবস্থার বিষয়গুলো উঠে এসেছে।
এ ছাড়া যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের পুনর্গঠন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনের যোগদানের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল বলে জানান উইটকফ। তাঁর ভাষায়, আলোচনাটি ছিল ‘ফলপ্রসূ’।
এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত একটি বিপজ্জনক ‘অচলাবস্থায়’ পৌঁছেছে। আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে ব্যর্থ হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার ঝুঁকি রয়েছে।
রুবিও সাংবাদিকদের বলেন, ‘অচলাবস্থা শেষ হওয়ার আরেকটি উপায় হলো সংঘাতের বিস্তার।’ এ সময় তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ প্রতিবেশী ন্যাটো সদস্য দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।
নতুন করে কূটনৈতিক তৎপরতা
শুক্রবার এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেন, গত মাসে রাশিয়ার রাজধানী মস্কোতে সংসদীয় নির্বাচনের সময় চালানো ড্রোন হামলার কারণে ইউক্রেনের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা কম।
রাশিয়ার প্রাণঘাতী হামলার মধ্যেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এসব হামলার মধ্যে পূর্ব ইউক্রেনে বেসামরিক যাত্রীবাহী বাসে হামলার ঘটনাও রয়েছে। ওই হামলায় ৩৩ জন নিহত হন। কর্তৃপক্ষের দাবি, চলতি বছরের মধ্যে এটি ছিল একক কোনো হামলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।
এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ডিজেল নিয়ে একটি চুক্তির ঘোষণা চলমান আলোচনাকে আড়াল করেছে। ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্য ইউক্রেনের রুশ তেল শোধনাগারগুলোতে হামলাকে দায়ী করেছেন ট্রাম্প।
চুক্তিটি নিয়ে সমালোচনা করেছেন মার্কিন আইনপ্রণেতা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় মিত্ররা। জেলেনস্কি চুক্তিটিকে ‘পুতিনের জন্য উপহার’ বলে অভিহিত করেছেন।
চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা পরই একটি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার একটি জ্বালানি স্থাপনায় হামলা চালায়।
গত মাসে উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো ও কিয়েভ সফর করার পর মায়ামিতে এই বৈঠক অনুষ্ঠিত হলো। এর মধ্য দিয়ে ওয়াশিংটন এমন একটি আলোচনাপ্রক্রিয়া নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, যেখান থেকে এখন পর্যন্ত সামান্যই অগ্রগতি এসেছে।

