মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট। শনিবার (১০ অক্টোবর) আলাপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এ তথ্য জানান।
তিনি বলেন, সংবিধান ও জনগণের ভোটাধিকার সুরক্ষার চলমান লড়াইয়ের অংশ হিসেবে আগামী সোমবার রাজধানী দিল্লিতে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইন্ডিয়া জোট।
এই ইস্যুতে নিজেদের উদ্বেগ জানাতে ইতোমধ্যে জোটের শীর্ষ নেতারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি আগামী সোমবার ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও তাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করেন কে সি বেণুগোপাল।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনারকে আড়াল করার এই প্রক্রিয়াই মোদি ও শাহের পতনের কারণ হবে।
বেণুগোপাল আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণ দেখে মনে হচ্ছে তিনি পতনের দ্বারপ্রান্তে রয়েছেন এবং বিরোধীদের আন্দোলনকে ভয় পাচ্ছেন।
তিনি অভিযোগ করেন, ককরোচ জনতা পার্টির ঘোষিত শনিবারের বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে সরকার কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি করেছে। তার দাবি, মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, সারা দেশের সঙ্গে দিল্লির রেল যোগাযোগ ব্যাহত করা হয়েছে এবং হাজার হাজার সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কংগ্রেস ও ইন্ডিয়া জোট আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান এই নেতা।
কেরালার ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে দলের সতর্ক নজরদারির কথা উল্লেখ করেন কে সি বেণুগোপাল।
এ ছাড়া নির্বাচন কমিশনের প্যাডে বিজেপির ‘পদ্ম’ প্রতীক ফুটে ওঠার মতো সাম্প্রতিক বিতর্কের বিষয়েও তিনি দৃষ্টি আকর্ষণ করেন।

