পবিত্র নগরী মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের আকাশসীমায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা জানিয়েছে, এই দুটি অঞ্চলের বাইরের কোনো গন্তব্যে যাওয়ার জন্য কোনো বিমান সৌদি আকাশসীমায় প্রবেশ করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। সূত্র: বিবিসি
রোববার (১১ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের বিষয়ে সতর্কতা পুনর্ব্যক্ত করেন।
তিনি জানান, সৌদির আকাশসীমা ও বিমানবন্দরগুলো তাদের লক্ষ্যবস্তু। ফলে কেউ যদি হামলার শিকার হতে না চায়, তাহলে সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলা উচিত।
তবে মক্কা ও মদিনা অঞ্চল থেকে যেসব বিমান ওঠানামা করবে, সেগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
ইয়াহিয়া সারে এই সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এরপরও কোনো ঘটনা ঘটলে এর দায় সৌদি আরবের ওপর বর্তাবে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে শনিবার রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের একটি টার্মিনালে আঘাত হানে। এতে ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।
হুথিদের ওই হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক নিহত হয়েছেন। বাকি পাঁচজন সৌদি নাগরিক।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলায় প্রাণহানির পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বর্তমানে নিরূপণ করা হচ্ছে।
ভয়াবহ ওই হামলার পরপরই সৌদি আরব রিয়াদ বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেয়।

