রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে কিয়েভের ধারাবাহিক হামলা বন্ধ না হলে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার এবং ইউরোপীয় দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনাকাটা স্থগিত করার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। সূত্র: সিএনএন
সোমবার (১২ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দুই কর্মকর্তা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগন থেকে সপ্তাহান্তে ইউক্রেন এবং ইউরোপের কর্মকর্তাদের কাছে এ বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়। এর মধ্যে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে সরাসরি ইউক্রেনীয় কমান্ডারদের কাছেও বার্তা পাঠানো হয়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমস প্রথমবারের মতো গোয়েন্দা তথ্য সরবরাহ ও অস্ত্র কেনাকাটা স্থগিতের হুমকির বিষয়টি প্রকাশ করে।
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার ঘটনায় ক্ষুব্ধ ট্রাম্প আন্তর্জাতিক বাজারে ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য এই সংঘাতকে দায়ী করে আসছেন। তিনি উভয় পক্ষকে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে ‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা দিয়েছেন, তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য অপ্রত্যাশিত ছিল বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।
ইউরোপীয় কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অস্ত্র ক্রয় বন্ধ হয়ে গেলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে।
বিশেষ করে মার্কিন গোয়েন্দা তথ্যের মাধ্যমে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবস্থান শনাক্ত করা যায়। অন্যদিকে, পিইউআরএল প্রক্রিয়ার মাধ্যমে কেনা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ বন্ধ হলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের মার্চে ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার পর সাময়িকভাবে ইউক্রেনে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করেছিল মার্কিন প্রশাসন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ডিজেল চুক্তি এবং ট্রাম্পের পক্ষ থেকে ইউক্রেনে নতুন নেতা নির্বাচনের পরামর্শ দেওয়ার বিষয়গুলোকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়েছে।

