ইরানের ওপর ভবিষ্যতে সম্ভাব্য সামরিক হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক অভিযানের নির্দেশ দিলে এসব হামলায় জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা ব্যবহার করা হতে পারে। বোমাটি ‘মাদার অব অল বম্বস’ নামেও পরিচিত।
যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে থাকা বৃহত্তম অ-পারমাণবিক বোমাটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হলে সংঘাতের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। তবে সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য অর্জনে এই বোমা কতটা কার্যকর হবে, তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।
এদিকে সিএনএনের প্রকাশিত প্রতিবেদনের তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

