বুধবার মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘আজেল নিউজ’ এ তথ্য জানিয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে। পরে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুজনকে মৃত্যুদণ্ড দেন। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, অপরাধ প্রমাণিত হওয়া এবং সময় ও স্থানের পবিত্রতা বিবেচনায় নিয়ে আদালত এ রায় ঘোষণা করেন।
পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত করা হয়। এরপর বুধবার মক্কা অঞ্চলে তা কার্যকর করা হয়।
তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পবিত্র স্থান ও মসজিদগুলোর নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইসলামি আইন বাস্তবায়নে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ন করা কিংবা সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

