সামরিক শক্তির দাপট দেখিয়ে কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মতে, ফিলিস্তিনিদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ এবং তাঁদের ভিটেমাটি কেড়ে নেওয়ার কারণে ইসরায়েল নিজের নৈতিক অবস্থান ক্রমেই হারিয়ে ফেলছে। সূত্র: আনাদোলু এজেন্সি
সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করতে যান ওবামা। সেখানে সাংবাদিক সুসান ম্যাককের সঙ্গে এক আলোচনায় গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ওবামা বলেন, গাজায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও রক্তপাত ঘটেছে, তা যেকোনো মানুষের হৃদয়কে নাড়া দেবে। বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ, অবিচার ও সংঘাতের ইতিহাসই বর্তমান পরিস্থিতি তৈরিতে ভূমিকা রেখেছে।
ইউরোপে ইহুদিদের ওপর ঐতিহাসিক নিপীড়নের বিষয়টি স্বীকার করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, একই সঙ্গে ফিলিস্তিনিদের ভূমি হারানো এবং তাঁদের প্রতি সংঘটিত অন্যায়ের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
তাঁর মতে, ইসরায়েলের ভূমি দখল ও শক্তির অপব্যবহারের কারণে ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই নিজেদের হারানো ভূমি ও অধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা তাঁদের জন্য স্বাভাবিক।
ওবামা আরও বলেন, প্রযুক্তিগত অগ্রগতি কিংবা সামরিক শক্তিতে এগিয়ে থাকাই সবকিছু নয়। শক্তিশালী হওয়ার কারণে অন্যদের অধিকার উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা সাময়িক সুবিধা এনে দিতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে এমন নীতি ইসরায়েলের নৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে।
বর্তমান ইসরায়েলি সরকারকে বাস্তবতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে ওবামা বলেন, প্রায় ৭০ লাখ ফিলিস্তিনি এই ভূখণ্ড ছেড়ে অন্য কোথাও চলে যাবেন না।
তিনি মনে করেন, ইসরায়েলিরা নিজেদের জন্য যে পরিস্থিতি মেনে নিতে রাজি নন, সেই একই পরিস্থিতি ফিলিস্তিনিদের ওপর জোর করে চাপিয়ে দিয়ে কখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

